৪৫০০ কোটির মালিক ললিত মোদি, কিন্তু সুস্মিতা সেনের কত?

প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ফের প্রেমে পড়েছেন। ৪৬ বছর বয়সি এই অভিনেত্রী এবার প্রেমে পড়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদির।

সম্প্রতি টুইটারে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর বেশ কিছু ছবি প্রকাশ করে নতুন এই সম্পর্কের কথা জানিয়েছেন ৫৬ বছর বয়সি ললিত মোদি। প্রথম টুইটে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন তিনি; পরের টুইটে জানান এখনও বিয়ে করেননি, ডেট করছেন।

সুস্মিতা সেন ও ললিত মোদির এই প্রেমের কাহিনি প্রকাশ্যে আসার পরই অন্তর্জালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে; রীতিমতো ভারতজুড়ে হইচই পড়েছে। অন্তর্জালে কটাক্ষ চলছে। ‘টাকার লোভে ললিতের সঙ্গে প্রেম’, এমন কটূক্তিও করা হচ্ছে সুস্মিতাকে নিয়ে।

হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, দুই দত্তক কন্যাসন্তানের মা সুস্মিতা সেন ৪৬ বছর বয়সেও অবিবাহিত। নিজের মর্জিতে জীবন যাপন করেন। তাঁর জীবনে প্রেম এসেছে বারবার, তিন বার বিয়ের পিঁড়িতে বসতে গিয়েও বসেননি। তবে ললিতের কথায়, খুব শিগগিরই নাকি সুস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। শোনা যায়, ললিত মোদির সম্পত্তির পরিমাণ চার হাজার ৫০০ কোটি টাকা ।

অন্যদিকে, এখনও বছরে নয় কোটি টাকা আয় প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। তাঁর মাসিক আয় প্রায় ৬০ লাখ টাকা । তাঁর সম্পত্তির পরিমাণ ৭৪ কোটি টাকা । দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন। মুম্বাইয়ের ভারসোভাকে বিশাল অ্যাপার্টমেন্ট রয়েছে সুস্মিতার। দুই মেয়েকে নিয়ে ওই অ্যাপার্টমেন্টে থাকেন সুস্মিতা। রয়েছে বিলাসবহুল গাড়ি।

গেল বছরের শেষে মডেল রহমান শালের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি টানেন সুস্মিতা সেন।

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। দত্তক নিয়েছেন দুই কন্যাসন্তান। অন্যদিকে, ললিত মোদি ১৯৯১ সালে মিনাল সাগ্রানির সঙ্গে ঘর বেঁধেছিলেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৮ সালে মিনাল ক্যানসারে মারা যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *