নিলামে হিটলারের স্বর্ণের হাতঘড়ি, জন্মদিনের পুরস্কার পেয়েছিলেন ঘড়িটি

হিটলারের ব্যবহৃত একটি হাতঘড়ি নিলামে উঠতে চলেছে। নিলামে ঘড়িটির দাম দুই থেকে চার মিলিয়ন মার্কিন ডলার উঠতে পারে বলে জানা গেছে। ১৯৩৩ সালে ২ এপ্রিল ঘড়িটি হিটলার জন্মদিনের পুরস্কার হিসেবে পেয়েছিলেন বলে নিলাম আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

জন্মদিনের কথা বলা হলেও, হিটলারকে কী কারণে ঘড়িটি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল তা নিয়ে রয়েছে ভিন্নমত। একাংশের মতে, ১৯৩৩ সালে যেদিন নাৎসি পার্টি নির্বাচনে জয়লাভ করেছিল, সেদিন পুরস্কার হিসেবে ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল। আবার কারোর মত এই যে, ১৯৩৩ সালে জামার্নির চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ার পর পুরস্কার হিসেবে হিটলার পেয়েছিলেন ঘড়িটি।

আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশনস নামে আমেরিকার ওই নিলামঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, হাতঘড়িটির ডায়ালের পেছনে হিটলারের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। তার ঠিক পাশে রয়েছে একটি উড়ন্ত ঈগল এবং নাৎসি জমানার স্বস্তিক চিহ্ন।

একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে সেই সঙ্গে ওই ঘড়িতে তিনটি তারিখও খোদিত রয়েছে। তার মধ্যে একটি হিটলারের জন্মদিন এবং অন্যটি জার্মানির চ্যান্সেলর পদে হিটলারের নাম ঘোষণা করার দিন। এছাড়া ১৯৩৩ সালের নির্বাচনে নাৎসি পার্টির জয়লাভের দিনটিও তাতে খোদাই করা রয়েছে।

নিলামঘরের দাবি, মিউনিখের আন্দ্রিয়াস হুবের সংস্থার তৈরি এই হাতঘড়িটি হিটলারের বাড়িতে খুঁজে পেয়েছিলেন এক ফরাসি সেনা আধিকারিক। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বাভারিয়ায় হিটলারের বাড়িতে তা দেখেছিলেন ফরাসি সার্জেন্ট রবার্ট মিনো। যদিও এই ঘড়িটি হিটলারের ব্যবহৃত কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *