“যৌন উত্তেজনামূলক পরিবেশ”-ইলন মাস্কের বিরুদ্ধে মহিলা কর্মীদের গুরুতর অভিযোগ

নিজ প্রতিষ্ঠানের দুই নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে। এদের মধ্যে একজনকে সন্তান নিতেও বলেন তিনি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে দু’জন নারীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইলন মাস্ক তাদের দিকে অস্বাভাবিক মনোযোগ দিতেন। তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। এর মধ্যে একজন আছেন ইন্টার্ন। অন্যজন নিয়মিত কর্মচারী।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি বিষয়ক বিলিয়নিয়ার ইলন মাস্ক তার স্পেসএক্স এবং টেসলা- উভয় কোম্পানিতে একটি সংস্কৃতি তৈরি করেছেন। সেই পরিবেশে নারী কর্মীরা অস্বস্তিকর অবস্থায় পড়েন।

ইলন মাস্কের বিরুদ্ধে এটা সর্বশেষ অভিযোগ। এর আগে তার বিরুদ্ধে একগাদা অভিযোগ উঠেছে। তার মধ্যে আছে- তিনি নিয়মিত এলএসডি, কোকেন, উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ, মাশরুম এবং কেটামিনসহ বিভিন্ন রকম ড্রাগ ব্যবহার করেন। পরিচালনা পরিষদের সদস্যদের সামনেই কাজের ভিতর এমনটা করতেন তিনি। এর আগেও স্পেসএক্সের প্রধান মাস্কের বিরুদ্ধে কর্মক্ষেত্রে অনুপযুক্ত পরিবেশ সৃষ্টি করার অভিযোগ উঠেছিলো। সেখানে এমন সব কৌতুক করা হতো যে, যৌন হয়রানি ছিল একটি সাধারণ বিষয়। পুরুষ বা অন্য কর্মীদের তুলনায় নারীদের বেতন দেওয়া হতো কম। যারা এটা নিয়ে অভিযোগ করতেন, তাদেরকে চাকরিচ্যুত করা হতো।

সাবেক ওই নারী কর্মীরা বলেছেন, ইলন মাস্ক কর্মক্ষেত্রে যৌন উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করতেন। সেখানে যৌনতা নিয়ে মন্তব্য করা হতো। যৌন হয়রানি করা হতো। তা সহ্য করে নিতো অন্যরা।

স্পেসএক্সের একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট অভিযোগ করেছেন, ইলন মাস্ক একজন নারী কর্মীর সামনে নিজে উন্মুক্ত হন এবং যৌনতার বিনিময়ে তাকে ২০১৬ সালে একটি ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাব দেন। ২০১৩ সালে স্পেসএক্স থেকে পদত্যাগ করেছেন এমন আরেকজন নারী বলেন, বহুবার ইলন মাস্ক তার সন্তান ধারণ করার প্রস্তাব দিয়েছেন তাকে। বিলিয়নিয়ার মাস্কের কমপক্ষে ১০টি সন্তান আছে।

মাস্ক বলেন, বিশ্বে জনসংখ্যা কমে যাচ্ছে। এটা একটা সংকট। এ অবস্থায় উচ্চ মাত্রার আইকিউ সম্পন্ন মানুষের প্রয়োজন।

স্পেসএক্সে কাজ করা একজন নারী বলেছেন, বারবার তাকে রাতের বেলা নিজের বাসায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইলন মাস্ক। এমন আমন্ত্রণ জানিয়ে তিনি ওই নারীকে একাধিক টেক্স ম্যাসেজ পাঠান। জবাবে পরেরদিন সকালে ওই নারী ইলন মাস্ককে ম্যাসেজে লেখেন, ওহ ম্যান, দুঃখিত। আমি ততক্ষণে গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম। আমি অনেকদিন গভীর রাতে ঘুমিয়েছি। কিন্তু তা পরিবর্তন করার চেষ্টা করছি। কারণ, এটাকে আমার জন্য যুৎসই মনে হচ্ছে না।

মাস্কের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন তার আইনজীবী।

স্পেসএক্সের প্রেসিডেন্ট গুয়েন শটওয়েল বলেন, ‘আমাদের বিরুদ্ধে কাজ করা শক্তির সঙ্গে লড়াই করে আমরা যা অর্জন করছি তাতে আমি বিস্মিত। ইলন আমার পরিচিত সেরা মানুষদের একজন।’