টাকার লোভে রক্তের রিপোর্টে কারসাজি! পুনে পোর্শেকাণ্ডে গ্রেফতার ২ চিকিৎসক

পুনে পোর্শেকাণ্ডে নতুন মোড় দেখা দিয়েছে। ১৭ বছরের নাবালকের জামিন বাতিল হওয়ার পরও তাকে বাঁচানোর জন্য আগরওয়াল পরিবারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চলছে বলে ধারণা পুলিশের।
সম্প্রতি পুলিশের জিজ্ঞাসাবাদে রিয়্যাল এস্টেট ডেভেলপার বিশাল আগরওয়াল দাবি করেছিলেন যে, তার ছেলে নয়, বরং তাদের গাড়িচালকই পোর্শেটি চালাচ্ছিলেন।
গাড়িচালকও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিলেন যে, তিনিই দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন।কিন্তু শুক্রবার বিকেলেই গাড়িচালকের বয়ান বদলে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন যে, তাকে লোভনীয় অফারের জেরে অভিযুক্ত নাবালকের হয়ে মিথ্যা বয়ান দিতে রাজি হয়েছিলেন।
নাবালকের বাবা বিশাল আগরওয়াল তাকে বড়সড় পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন গাড়িচালক।
আর এবার ছেলেকে বাঁচাতে চিকিৎসকদের ঘুষ দেয়ার বিষয় সামনে এলো।
গ্রেফতার করা হয়েছে চিকিৎসক অজয় তাওরে ও সাসুন হাসপাতালের চিকিৎসক শ্রী হরি হারনরকে। এর আগে ওই চিকিৎসকদের দেওয়া নাবালকের রক্ত পরীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, মদ্যপান করেনি সে। তবে একটি বারের সিসিটিভি ফুটেজে দেখেই পুলিশ নিশ্চিত হয়েছিল ওই রাতে বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে গিয়েছিল সে। বন্ধুবান্ধবদের সঙ্গে মদ্যপান করতেও দেখা গিয়েছিল তাকে।
পুলিশ কমিশনার অমিতেশ কুমার এর আগে বলেছিলেন, ‘এই ঘটনায় যে শুধুমাত্র যে মদ্যপান করে বেহঁশ হয়ে গাড়ি চালিয়ে দুইজনকে পিষে দেওয়া হয়েছে তা নয়। নাবালক দুইটি বারে পার্টি করেছিল। সরু, ভিড় , জনাকীর্ণ রাস্তায় নম্বর প্লেট ছাড়াই জোরে গাড়ি চালাচ্ছিল। নাবালক সম্পূর্ণ সজ্ঞানেই ছিল। ও জানত এই লাগামহীন কর্মকাণ্ডের জেরে মানুষের প্রাণ চলে যেতে পারে।’