হাসপাতালে চলত বেআইনি অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা! ৭ শিশুর মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ

শনিবার রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় অবস্থিত একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে মোট ১৯ জন শিশু ছিল।দমকল বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার ফলে ১২ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হয়।
শনিবার রাতেই ছয়জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়।রবিবার সকালে চিকিৎসা চলাকালীন আরও এক শিশুর মৃত্যু হয়।

কীভাবে বেবি কেয়ার সেন্টারে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।তদন্ত চলছে।

অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বেবি কেয়ার সেন্টারে অবৈধভাবে অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা চলত।এই অভিযোগ নিয়ে এর আগে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন তারা।

নামে প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় সিলিন্ডারগুলির বিস্ফোরণ হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে নাকি উলটো ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এই বেবি কেয়ার সেন্টারের মালিকরা সিলিন্ডারের ব্যবসা করত। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডার ভর্তি করার কাজ চলত এখানেই। এই ঘটনার পর মালিক ও ম্য়ানেজমেন্টের লোকজনও উদ্বেগ প্রকাশ করেছিলেন। আমরা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

স্থানীয় বাসিন্দা ব্রিজেশ কুমার (৬৮) বলেন, ‘বিল্ডিংয়ের প্রথম তলায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করা হচ্ছিল। বিষয়টি আমরা একাধিকবার তুলে ধরেছি। তিন বছর ধরে হাসপাতালে একই কাজ চলত। প্রতিদিন রাতেই ট্রাক, ভ্য়ানে অক্সিজেন সিলিন্ডার ওঠাতে-নামাতে দেখতাম। হাসপাতাল এত ছোট, এদিকে মালিকদের এত অক্সিজেন সিলিন্ডার দরকার হয় কেন তা নিয়েও একাধিকবার প্রশ্ন এসেছে মাথায়। মনে হয় অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা চলত ওখানে।’

তাঁর সংযোজন, ‘রিফিল করার সময় একটি অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আর তারপরে পাশের ২০ থেকে ৩০টি সিলিন্ডারের সবগুলিতে আগুন লেগে যায়। এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম।’