“মুহূর্তেই আগুন ছড়ায়, একতলা থেকে ঝাঁপ!”-গেমিং জোনে অগ্নিকাণ্ডে থেকে ফিরে জানালেন যুবক

রাজকোটের একটি বিনোদন পার্ক এবং গেমিং জোনে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশুরাও রয়েছে। প্রাণের জোরে বেঁচে গিয়েছেন আরও কয়েকজন।

কয়েক ঘণ্টার আনন্দ নিমেষে আগুনের ধোঁয়ায় উড়ে-পুড়ে গেল।হাসি-মজা এক লহমায় পরিণত হল কান্নার হাহাকার ও আতর্নাদে।
বিধ্বংসী আগুন লাগার পর ‘নরকে’ পরিণত হয়েছিল গেমিং জোন।চারদিকে ছুটোছুটি-ধাক্কাধাক্কি। প্রাণ হাতে করে দৌড়াদৌড়ি। দিশেহারা সকলেই।আগুনের গ্রাস থেকে প্রাণ বাঁচাতে বাইরে দরজা-জানলা ভাঙতে লাথি মারতে থাকেন সকলে মিলে।নিহত চার শিশুর বয়স ১২ বছরেরও কম।

প্রবেশদ্বারের সামনে অস্থায়ী কাঠামো ভেঙে পড়ায় অনেকে ভিতরে আটকে পড়েন।কাঠামোই দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা:

যশ পাটোলিয়া নামে এক যুবক চোখের সামনে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ভুলতে পারছেন না। বলেন, ‘তখন আমরা বোলিং করছিলাম। হঠাই দুই স্টাফ এসে আমাদের জানান এখনই খালি করে দিতে হবে চত্বর। আগুন লেগেছে। কয়েক নিমেষের মধ্যে গোটা চত্বর ধোঁয়ায় ভরে যায়। পিছনের দরজা থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হই। টিনের শিটে লাথি মেরে পাঁচজন প্রথম তলা থেকে লাফ দিয়ে বেরিয়ে আসি কোনও মতে।’

পৃথ্বীরাজসিং জাদেজা জানিয়েছেন, প্রথমে নীচের তলায় আগুন লাগে।যখন আগুন লাগে তখন প্রথম তলায় শিশুসহ প্রায় ৭০ থেকে ৮০ জন লোক ছিল। নীচের তলার ঢালাইয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুন লাগে প্রথম।