চলন্ত ট্রেনে গণধর্ষণ! প্রায় ২ মাস পর অভিযোগ দায়ের করলো মডেল তরুণী

চলন্ত ট্রেনে নেশার জিনিস খাইয়ে এক মডেলকে গণধর্ষণের (Gang rape case) অভিযোগ। শুধু তাই নয়, ৩১ বছরের মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ওই মহিলার অভিযোগ, অপরিচিত ব্যক্তিরা গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে। তাঁর দাবি অনুযায়ী, সবটাই ঘটেছে গত মার্চ মাসে। প্রায় দুই মাস পর তিনি রেল পুলিশের কাছে অভিযোগ জানালেন। কুর্লা থেকে কল্যাণ স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে।
ওই মহিলা রেল পুলিশের কাছে জানিয়েছেন, তিনি গোয়ালিয়রের বাসিন্দা। মুম্বইতে (Mumbai) কর্মসূত্রে থাকেন। সেখানে তিনি মডেলিং করেন। রেল পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি ট্রেনের থার্ড এসিতে একাই যাচ্ছিলেন। বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে তাঁকে মাদকদ্রব্য খাইয়ে কোচের মধ্যে গণধর্ষণ করা হয়। কুর্লা স্টেশন ছাড়ার ৪০ মিনিটের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর মহিলা ঝাঁসিতে নেমে যান। তারপর প্রায় ঘটনার ৩৯ দিন পর তিনি গোয়ালিয়র রেল পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের তরফে মুম্বই পুলিশকে আরও ২১ দিন পর বিষয়টা জানানো হয়। বর্তমানে এই বিষয়ে থানে পুলিশ স্টেশন একটি কেস করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে থানে রেলওয়ে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে।
তবে পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁদের কাছে সিসিটিভি ফুটেজ নেই। ওই নির্দিষ্ট স্টেশনে নির্দিষ্ট কিছুদিনের ফুটেজ রেকর্ড করা হয়। পুলিশের তরফে এও জানানো হয়েছে, ওই মহিলা তাঁর মেডিকেল টেস্ট করাতেও রাজি নন। থানে রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁদের কাছে ট্রেনের সমস্ত কোচের সব প্যাসেঞ্জারদের লিস্ট আছে। কিন্তু সেখানে তাঁরা সেই মহিলার নাম খুঁজে পাননি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।