“প্ল্যান বি দরকার নেই, ফের মোদীই আসছেন”-জানালেন অমিত শাহ

চার দফা ভোট শেষ হতেই বিরোধী জোট শিবির দাবি করছে যে এবার আর মোদী ক্ষমতায় ফিরছেন না। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারও বলেছেন, ‘মোদী সরকার আর আসছে না। ইন্ডিয়ার সরকারই আসবে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘সরকারের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। এই সরকারের মেয়াদ আর দু’সপ্তাহ। ৪ জুন ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে।’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকালা প্রভাকরও গত কয়েকদিনের মধ্যে একাধিকবার বলেছেন, মোদীর নেতৃত্বে এনডিএ আর কোনওভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। প্রভাকরের পূর্বাভাস, এনডিএ কোনওভাবেই ২৫৫-এর গণ্ডি পেরচ্ছে না।
তবে ফের ক্ষমতায় আসা নিয়ে আশাবাদী অমিত শাহ। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল ৪ জুন ভোটের ফল প্রকাশের পরে যদি দেখা যায়, কোনওভাবে বিজেপি ২৭২-এর গণ্ডি পার করতে পারছে না, সেক্ষেত্রে কী হবে?
জবাবে অমিত শাহ বলেন ” ‘প্ল্যান বি-র প্রয়োজন তখনই পড়ে, যখন প্ল্যান এ-র সাফল্যের সম্ভাবনা ৬০ শতাংশের কম হয়। তার দরকার পড়বে না। আমি নিশ্চিত, প্রধানমন্ত্রী মোদীই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবেন।’
শাহ বলেন, ‘আমি এমন কোনও সম্ভাবনা দেখছি না। ৬০ কোটির উপভোক্তার শক্তিশালী সেনা প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে রয়েছে। তাঁদের কোনও বয়স বা শ্রেণির বিভাজন নেই…।’ এরপর তিনি বিস্তারিত পরিসংখ্যান দিয়ে বলেন, ‘আমরা ৪ কোটি গরিব মানুষকে আবাস প্রকল্পের সুবিধা দিয়েছি, আরও ৩ কোটি মানুষকে বাসস্থান দেওয়া হবে ভোট শেষ হওয়ার পর। ৩২ কোটি আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হয়েছে। ১৪ কোটি বাড়িতে জল এনে দেওয়া হয়েছে, ১০ কোটি মানুষ এলপিজির সুবিধা পাচ্ছেন। ১২ কোটি বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছি। লাখপতি দিদি তৈরি করেছি, আরও ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্য আমাদের। ১১ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রতি বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়। প্রতিটি গরিব পরিবারকে ৫ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হয়। স্বাধীনতার ৬০ বছর পরে এমন প্রধানমন্ত্রী এসেছেন, যিনি গরিব মানুষদের গণতন্ত্রের অংশ বানিয়েছেন। যাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁরা জানেন নরেন্দ্র মোদী কী এবং কেন তাঁকে ৪০০ আসন দেওয়া উচিত।’