“পরিশ্রম করার ক্ষমতা ভগবান প্রদত্ত”-প্রবল গরমেও প্রচারে ঝড় মমতার

প্রচন্ড গরমেও ঝড়ের গতিতে রাজ্য জুড়ে প্রচারের কাজ করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। গত ৩১ মার্চ মহুয়া মৈত্রর হয়ে প্রথম নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। তারপর গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার নেত্রী। প্রথম দফায় উত্তরবঙ্গে রোড শো ও জন সভা করার পর চলে আসেন দক্ষিণ বঙ্গে। বুধবার ২৫ বৈশাখ রচনা ব্যানার্জির সমর্থনে করেন জনসভা। আর সব মিলিয়ে মমতা ব্যানার্জির সভা পার হয়ে যাবে যেন ১০০ র বেশি বলে মনে করছে রাজনৈতিক মহল।
নির্বাচনী জনসভা বা রোড-শো করার নিরিখে দলীয় কোনও নেতা বা নেত্রী আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি নেই। বিপক্ষ শিবিরের মূল সেনাপতিরাও এত সভা-পদযাত্রা এখনও করে উঠতে পারেননি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উত্তর থেকে দক্ষিণবঙ্গে পরপর জনসভা, রোড-শো করেছেন। কিন্তু মমতার তুলনায় তাঁর কর্মসূচির সংখ্যা এখনও কম।
এবারের নির্বাচনে দলনেত্রীর এই প্রচারের প্রবণতা নিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, ‘শেষ পর্যন্ত ওঁর সভা-রোড’শোর সংখ্যা একশো ছাড়িয়ে যাবে। উনি মঞ্চে ঘুরেঘুরে ভাষণ দেন, এই পরিশ্রম করার ক্ষমতা ভগবান প্রদত্ত। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কাউকে এই ভাবে টানা প্রচার করতে দেখিনি।’
বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, ‘রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করতে চলেছে বলে তৃণমূলনেত্রী চেষ্টা করছেন মানুষের মন পাওয়ার। কিন্তু যতই সভা-পদযাত্রা করুন না কেন, তার প্রভাব ফলাফলে পড়বে না।’