রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ভেতরে ঢুকতে পারবে না পুলিশও

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্য র রাজভবনে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হলো। সেই সাথে রাজ্ ভবন চত্বরে নিষিদ্ধ করা হলো পুলিশের প্রবেশ। আজ রাজ্ ভবনের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয় ‘রাজ্যপালের সম্মানহানি এবং তাঁর বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ করা হচ্ছে। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবনে ঢুকতে পারবেন না তিনি।’
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যে এসে রাজভবনে রাত্রিবাস করবেন। তার আগে রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গিয়েছেন এক মহিলা। নারী নির্যাতনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এ কী ধরনের ঘটনা ঘটছে! যে রাজ্যপাল বলেন, তিনি ‘পিসরুম’ খুলে সকলের অভিযোগ শুনবেন এবং তার নিষ্পত্তি করবেন। সেই ‘পিসরুম’ কি আসলে নারী সম্মানের ‘পিস হাভেন’ হয়ে গিয়েছে? যেখানে বার বার প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলছেন, সেখানে রাজ্যপাল নারীর অপমান, অসম্মান করছেন। এ কী ঘটছে বাংলার মাটিতে! যে মাটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ভাবে ঐতিহ্যশালী। ছিঃ!’
রাজ্যপাল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভোটে ফায়দা তোলার জন্য এই চক্রান্ত করা হয়েছে। রাজভবনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘ভোটের বাজারে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুশি করার জন্য এবং অবৈধ, অননুমোদিত তদন্ত চালিয়ে নিয়ে যেতে ছদ্মবেশী পুলিশকে রাজভবন চত্বরে নিষিদ্ধ করছেন রাজ্যপাল।’