SPORTS: বিশ্বকাপ দলে নেই ‘নতুন ম্যাক্সওয়েল’, যা বললেন মিশেল মার্শ

এবারের আইপিএলে নিলামে দল না পেলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন ফ্রেজার ম্যাকগার্ক। লুঙ্গি এনগিডির পরিবর্তে দিল্লির স্কোয়াডে যুক্ত হন তিনি। আর তাতেই বাজিমাত করেছেন এই অজি ক্রিকেটার।
দিল্লির হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ব্যাট করেছেন ম্যাকগার্ক। যেখানে ২৩৩ স্ট্রাইক রেটে ৩ ফিফটি করে তিনি। আর দুবার করেছেন ১৫ বলে ফিফটি। বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে তাকে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গেও তুলনা করা হচ্ছে। এরই মধ্যে তিনি নতুন ম্যাক্সওয়েল তকমা পেয়েছেন।

আইপিএলে ম্যাকগার্কের উড়ন্ত ফর্মের কারণে অনেকেই ভেবেছিলেন, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হবে তার। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে দুই ওয়ানডে খেলা ম্যাকগার্ক টি-২০তে আপাতত উপেক্ষিতই থাকলেন।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই বেশ আলোচনা হচ্ছে। স্টিভ স্মিথও বাদ পড়েছেন, তবে ম্যাকগার্ককে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এবার তার দলে না থাকার কারণ খোলাসা করেছেন অস্ট্রেলিয়ার টি-২০ অধিনায়ক মিচেল মার্শ।

তিনি বলেন, ‘জ্যাকি (ম্যাকগার্ক) অসাধারণ এক প্রতিভা। আমার মনে হয়, সবাই জানে ও আইপিএলে কী করছে, ঝড় তুলেছে, সবাই ওকে ভালোবাসে, নিশ্চিতভাবে দিল্লির সবাই ওর সঙ্গ উপভোগ করছে। ও দিল্লিতে যা যোগ করেছে সেটা উপভোগ করছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেখানেই খেলুক না কেন ওর সামনে দারুণ ভবিষ্যৎ।’

মিচেল মার্শ বলেন, ‘কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের যে দলটা তা সব দিকেই কাভার করে। হেডি ও ওয়ার্নার আমাদের হয়ে দুর্দান্ত করছে, শুধু দীর্ঘ সময়ের জন্য নয় বরং এই বিশ্বকাপের আগে সর্বশেষ ১৮ মাসেও তারা পারফর্ম করেছে। আমাদের যে ১৫ সদস্যের দল আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট, আশা করছি এই দল বিশ্বকাপে আমাদের অনেক দূর নিয়ে যাবে।’