SPORTS: “রোনালদো ভালো, তবে মেসি সর্বকালের সেরা ফুটবলার”

সর্বকালের সেরা ফুটবলার বিতর্কে সবসময়ই আলোচনায় থাকেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বজুড়ে দুই ফুটবলারেরই অসংখ্য সমর্থক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে চলে তুমুল তর্ক যুদ্ধও। এবার সেই বিতর্কে নিজের পছন্দের ফুটবলারকে বেছে নিলেন জার্মানির তরুণ তুর্কি জামাল মুসিয়ালা।
সম্প্রতি বায়ার্ন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুসিয়ালা বলেন, ‘দুজনই ভালো ফুটবলার, তবে আমার চোখে সবসময়ই মেসি সর্বকালের সেরা ফুটবলার।’

সেই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘ছোট থেকেই ১০ নম্বর জার্সি পরাটা ছিল স্বপ্নের মতো। তখনই দেখেছি মেসির মতো বড় ফুটবলাররা এই নম্বরটাই পরে। তবে আমি মাঠে কখনোই এগুলো মাথায় আসতে দেই না। এগুলো বাড়তি চাপ তৈরি করে।’

প্রসঙ্গত, জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ফুটবল মাঠ মাতাচ্ছেন মুসিয়ালা। একই সঙ্গে জার্মান দলেও এখন নিয়মিত তিনি। এরই মধ্যে গায়ে জড়িয়েছেন ‘আইকনিক’ ১০ নম্বর জার্সি।