BigNews: ২৫০ জনকে চাকরি দিতে হবে ২ মাসের মধ্যেই, ফের বড় নির্দেশ দিলো হাইকোর্ট

গতকাল উত্তর ২৪ পরগনার পর আজ মালদার চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ২০০৯ সালে মালদার পরীক্ষার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি। দু’মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশের ফলে চাকরি পেতে চলেছেন প্রায় ২৫০ পরীক্ষার্থী।
এর আগে বৃহস্পতিবার প্রাথমিক ২০০৯-এ উত্তর ২৪ পরগনার পরীক্ষার্থীদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ২ মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর ফলে চাকরি পেতে চলেছেন ৮০০ পরীক্ষার্থী।
উভয় ক্ষেত্রেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০০৯ সালে প্রাথমিক নিয়োগে উত্তর ২৪ পরগনায় নিয়োগে দুর্নীতি হয়েছে, তা স্বীকার করে নেয় উত্তর ২৪ পরগনা প্রাইমারি ডিস্ট্রিক্ট কাউন্সিল। মালদার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ছিল।
চাকরিপ্রার্থীরা আদালতের এই নির্দেশে খুশি। তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
এই ঘটনাগুলি রাজ্যের শিক্ষা দপ্তরে চলমান নিয়োগ দুর্নীতির চিত্র তুলে ধরে।