চোখমুখ লাল, হঠাৎ বাইকে দাঁড়িয়ে হঠাৎই গঙ্গায় ঝাঁপ যুবকের, তদন্তে পুলিশ

বালি ব্রিজ থেকে মোটরবাইক চালকের গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, পুলিশ তদন্ত শুরু
আজ বুধবার সকালে বালি ব্রিজ থেকে মোটরবাইক চালিয়ে এক যুবক গঙ্গায় ঝাঁপ দিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী তড়িঘড়ি বালি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে ওই যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
বালি থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকেও ঘটনার জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তারা প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই যুবককে ব্রিজে বাইকের উপরে বসে থাকতে দেখেন। কিছুক্ষণ পরেই বাইকের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ মারেন তিনি।
এই ঘটনা নজরে আসার পরেই খবর দেওয়া হয় বালি থানায়।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন বালি থানার পুলিশ আধিকারিকরা।
বাইকের সিটে জুতোর ছাপও পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জয়ন্ত সরকার বলেন, “মর্নিং ওয়াকে এসেছি। আমার যাঁরা সঙ্গী তাঁদের বক্তব্য… এই ঘটনা আগেও আমার স্মরণে আছে, আজও সেই ঘটনা ঘটেছে। যাঁরা সেই ঘটনা দেখেছেন, তাঁরা দেখেছেন, গাড়ির উপরে বসে চোখটা খুব লাল। হয়ত কান্নাকাটি করছিল। কেউ ভেবেছে হয়ত নেশাগ্রস্ত, তাই যে যাঁরা কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে হঠাৎ করে গাড়ির উপরে দাঁড়িয়ে ঝাঁপ মারে। আমরাই স্বতঃপ্রণোদিত হয়ে বালি থানাকে খবর দিই, তারা এসে তদন্ত করছে।”
অপর প্রত্যক্ষদর্শী সুব্রত দলপতি বলেন, “প্রতিদিন যেমন আসি, তেমনই এসেছি মর্নিং ওয়াক করতে। ছেলেটাকে দেখলাম, মাথা নীচু করে বসে রয়েছে। চোখমুখ লাল। দ্বিতীয়বার যখন ঘুরে আসছ, তখন কাছাকাছি যাঁরা ছিলেন, অনেকে বললেন, ছেলেটি ঝাঁপ মেরেছে। আমরাই পুলিশকে ডাকলাম, সিটের মধ্যে বুটের ছাপও রয়েছে।”