দেওয়াল লিখনে রাম কেন? বিতর্ক শুরু হতেই প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রভু শ্রী রাম কে নিয়ে নির্বাচনী প্রচারে বানানো হয়েছে এক ব্যাঙ্গচিত্র। আর সেই চিত্র নিয়েই তুমুল বিতর্ক বেঁধেছে আসানসোলে। এমনকি হিন্দু জাগরণ মঞ্চ থেকে আসানসোলের হিরাপুর থানার সামনে করা হয়েছে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

তাঁদের অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে নির্বাচনী দেওয়ালে ভগবান শ্রী রাম ও নরেন্দ্র মোদীর ছবি আঁকা একটি ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়, এতে রামকে অপমান করা হয়েছে। হিন্দুত্বকে অপমান করা হয়েছে।’

তাঁদের কথায়, “এই ঘটনার যেন কোনও পুনরাবৃত্তি না হয়। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হবে বলে বলেন জানান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। রামকে সামনে রেখে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। ভগবান রামকে নিয়ে যে কোনও রাজনৈতিক দল যেন রাজনীতি না করেন এটা আমাদের দাবি।”

বিতর্কিত ব্যাঙ্গচিত্রটিতে দেখা যাচ্ছে মোদীর চিত্র রয়েছে। তার পাশেই রয়েছে প্রভু রামের ছবি। পাশে লেখা – ‘ছাড়! ছাড় আমাকে, নিজের ক্ষমতায় একবার অন্তত নির্বাচন লড়ে দেখা।’

তৃণমূলের দাবি, দেওয়াল লিখনে এরকম অনেক ব্যাঙ্গ চিত্র করা হয়। এখানে কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু করা হয়নি। স্থানীয় এক তৃণমূল নেতৃত্বের কথায়, এটা তো সত্যি, শুধুমাত্র রাম নাম করেই মোদী ভোট চাইছেন, উন্নয়নের জন্য, মানুষের কর্মংস্থানের জন্য তো কিছু করেননি। সেই কারণেই এরকম দেওয়াল লিখন করা হয়েছে।