ভারতের তিন অঞ্চলেও দেখা গেছে ঈদের চাঁদ, জেনেনিন কোথায় কোথায়?

ভারতের জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং কেরালায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেসব অঞ্চলে আগামীকাল বুধবার ঈদুল ফিতর পালিত হবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে জানানো হয়, জম্মু ও কাশ্মীর, লাদাখ ও কেরালায় শাওয়ালের চাঁদ দেখা গেলেও রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি। যেসব অঞ্চলে চাঁদ দেখা গেছে সেসব অঞ্চলে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। যেসব জায়গায় চাঁদ দেখা যায়নি সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার।

রাজধানী দিল্লির জামে মসজিদের ইমামরা এবং ফতেহপুর মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা দেয়, যেহেতু চাঁদ দেখা যায়নি ফলে বৃহস্পতিবার ঈদ পালিত হবে।

ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তানেও শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল দেশটিতে ইদ উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাকিস্তানে আজ মঙ্গলবার রমজানের ২৯তম দিন ছিলো।

পাকিস্তানে ও ভারতের কিছু অঞ্চলের পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ উঁকি দিলেও; এটি বাংলাদেশে দেখা যায়নি। ফলে বাংলাদেশের সাধারণ মুসল্লিরা এবার ৩০টি রোজা পালন করবেন।

বাংলাদেশের মতো মধ্যপ্রাচ্যের সব দেশেই এবার রমজান মাস ৩০ দিনের হয়েছে। তবে কিছু কিছু দেশে ব্যতিক্রম দেখা গেছে।

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও আফ্রিকার দুই দেশ মালি ও নাইজারে গতকাল সোমবার পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়। আর এ কারণে এ দুটি দেশে আজ মঙ্গলবারই ঈদ পালিত হচ্ছে। দেশগুলোর বাসিন্দারা ২৯টি রোজা রেখেছেন।

নাইজারের চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। দেশটির পাঁচটি রাজ্যে চাঁদ দেখা যায় বলে জানিয়েছে বিবিসি হাউসা।

অপরদিকে মালির ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানায়।

আফ্রিকার এ দুটি দেশে মঙ্গলবার ঈদ হলেও ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো কাল বুধবারই ঈদ পালন করবে।

শাওয়াল মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয় মহিমান্বিত দেশ পবিত্র রমজান মাস। এরপর শুরু হয় খুশির ঈদ।

Editor001
  • Editor001