দিঘা এবার ‘নো হকার্স জোন’! ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA) পর্যটকদের সুবিধার্থে দিঘায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। সি বিচের ধারে এবং রাস্তায় কার্যত পর্যটকদের পথ আটকে বসে থাকা দোকানগুলিকে উচ্ছেদ করা হয়েছে।
DSDA এর পক্ষ থেকে আগেই মাইকিং করে গোটা সমুদ্র শহরজুড়ে নির্দেশিকা জারি করা হয়েছিল। সি বিচ রোডের ধারে যত্রতত্র পসরা সাজিয়ে বসে পড়েছিলেন ব্যবসায়ীরা। সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে রাস্তা ও সমুদ্র সৈকত দখল করে বসেছিলেন তাঁরা। যার জন্য সমস্যায় পড়তে হচ্ছিল দিঘায় আসা পর্যটকদের।
‘নো হকার্স জোন’ তৈরির পরিকল্পনা
উল্লেখ্য, উচ্ছেদ অভিযান আগেও একাধিকবার হয়েছে। তবুও দিঘার সৈকতে হকার সমস্যা সমাধান হয়নি। তাই, এই বছর পর্যটন মরশুমে গোটা দিঘাকে ‘নো হকার্স জোন’ হিসাবে গড়ে তুলতে উদ্যোগী দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
এক্ষেত্রে শুধু সমুদ্র সৈকতের পাশেই নয়, ওল্ড দিঘা এবং নিউ দিঘায় ১১৬ বি জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রাস্তার পাশে থাকা হকারদেরও পসরা সাজিয়ে আর বসতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন DSDA কর্তৃপক্ষ।
যে সমস্ত দোকানদারের স্টল পেয়েছেন, তাঁরা নির্দিষ্ট স্থলের বাইরে রাস্তাতেও বসে যাচ্ছেন। যার ফলে রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের।
এই পদক্ষেপের ফলে দিঘা সমুদ্র সৈকত এখন আরও পরিষ্কার এবং প্রশস্ত হবে, যা পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে।