‘ভারত নয়, পাকিস্তান নির্বাচনের জন্য উপযুক্ত কংগ্রেসের ইস্তেহার’,কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রীর

রামমন্দির, সিএএ, গ্যাসের দাম কমানোর পরেও দেশজুড়ে ভোটপ্রচারে ঘাম ঝরাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের আজমির শরিফের সভায় কংগ্রেসকে একহাত নিলেন তিনি।
রাহুল গান্ধীর দলের ইসতেহারে মিথ্যায় ভরা দাবি করে মোদী বলেন, এর পাতায় পাতায় ভারত ভাঙার চক্রান্ত রয়েছে ।
আজমির শরিফে সভায় দাঁড়িয়ে মোদী বলেন, স্বাধীনতার সময় মুসলিম লীগ যে চিন্তাভাবনা করতো, কংগ্রেসের ইসতেহারে সেই ধরনের চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে।’
এবার কংগ্রেসের ইস্তেহারের সমালোচনা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ‘পাকিস্তানের নির্বাচনের জন্য ইস্তেহার তৈরি করেছে কংগ্রেস।’ এভাবে খোঁচা দিলেন বিজেপি নেতা তথা বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্তের কথায়, ‘এটা তোষণের রাজনীতি। আমরা এর তীব্র সমালোচনা করছি। দেখে মনে হচ্ছে এটা ভারতের নির্বাচনের ইস্তেহার নয়। বরং পাকিস্তানের নির্বাচনের জন্য যেন কংগ্রেস এটি তৈরি করেছে। ‘হিন্দু-মুসলিম যে কোনও সম্প্রদায়ের ব্যক্তি তিন তালাক ফিরিয়ে আনতে চান না। বাল্য বিবাহ বা বহুগামিতাকে সমর্থন করেন না কেউ। কংগ্রেসের মানসিকতাই হল সমাজকে বিভক্ত করা। উলটো দিক থেকে বিজেপি ভারতকে বিশ্বগুরু বানানোর লক্ষ্যে আন্দোলন শুরু করেছে।’