পোস্ট মাস্টারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ডাকঘরে বিক্ষোভ বাসিন্দাদের

খানাকুলের মাড়োখানা এলাকার ডাকঘরের পোস্টমাস্টার দীপক বাগ গ্রাহকদের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রাহকরা পোস্টমাস্টারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঘটনার প্রেক্ষিতে পোস্টঅফিসে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সময় টাকা জমা করেছিলেন পোস্টঅফিসে। অভিযোগ, পোস্টমাস্টার বেআইনি ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন।
অবিলম্বে গচ্ছিত টাকা ফেরত দিতে হবে বলে দাবি জানিয়েছেন গ্রাহকরা। তা না হলে পোস্টঅফিসের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গ্রাহকদের বক্তব্য, যখন তারা টাকা তুলতে যান, তখন দেখেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই। অথচ তারা টাকা তোলেননি। তখনই বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপরই বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন গ্রাহকরা।
ক্ষুব্ধ গ্রাহকরা সদলবলে পোস্টমাস্টারের ঘরে ঢুকে পড়েন। ব্যাপক উত্তেজনা ছড়ায়। পোস্টমাস্টারকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।
খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দেয়।
এই ঘটনা এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।