মাঝরাতে DJ বাজানোর প্রতিবাদের জের, শিক্ষককে বেধড়ক মারধর যুবকদের

শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনিতে রাত সাড়ে বারোটার পরেও তারস্বরে ডিজে বাজানোয় প্রতিবাদ জানানোর পর এক স্কুল শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
নিগৃহীত শিক্ষক, অভিজিৎ সরকার, এলাকার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষকের বাড়ির কাছেই অন্য একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যা থেকে তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল। রাত সাড়ে বারোটার পরেও ডিজে বন্ধ না-হওয়ায় এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগ, ওই শিক্ষক অনুষ্ঠান বাড়িতে গিয়ে ডিজে বন্ধ করার অনুরোধ জানাতেই একদল যুবক তাঁকে মারধর শুরু করে। শিক্ষককে মারধর করা হচ্ছে দেখে ছুটে যান প্রতিবেশীরা। তাঁদের দেখে নিগ্রহকারীরা পালিয়ে যায়।
রাতেই আহত ওই শিক্ষককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।
তবে এখনও অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিগৃহীত শিক্ষক বলেন, ‘সব কিছুরই তো একটা নিয়ম থাকে। এত রাতে ডিজে বাজানো হচ্ছে দেখে প্রতিবাদ করেছিলাম। তার ফলে এভাবে মারধর করা হবে ভাবিনি। পুলিশকে সব জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, সামনেই নিট পরীক্ষা রয়েছে। এছাড়া এলাকায় অনেক অসুস্থ বাসিন্দারা থাকেন। মাঝরাতে ডিজে বাজানো হচ্ছিল। যে কারণে আমি গিয়ে বন্ধ করতে বলেছিলাম। সেই সময় একদল যুবক এসে আমাকে বেধড়ক মারধর করতে থাকে। শেষে আমি চিৎকার করায় কয়েকজন প্রতিবেশী প্রাণে বাঁচান।’