“আন্তর্জাতিক চাপের কাছে নত হবে না ইসরায়েল”-জানিয়ে দিলেন নেতানিয়াহু

গাজায় যুদ্ধ থামাতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কাছে নত করবে না ইসরায়েল। বুধবার মার্কিন সিনেটর রিক স্কটের সাথে এক ভিডিও বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ মন্তব্য করেছেন।
নেতানিয়াহু জানিয়েছেন, চলতি সপ্তাহে শীর্ষ সহযোগীদের আয়োজনে ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করার অর্থ ছিল, ইসরায়েল যে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না তা হামাসকে দেখানো।

মার্কিন সিনেটরকে তিনি বলেন, এটি হামাসের কাছে প্রথম এবং সর্বাগ্রে একটি বার্তা ছিল। এই চাপের উপর বাজি ধরবেন না, এটি কার্যকর হবে না।

এদিকে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মির শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর নিরাপত্তা পরিষদে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছিল। তবে প্রতিবারই হয় যুক্তরাষ্ট্র নতুবা রাশিয়া ও চীন ভেটো দিয়েছিল। এবারই প্রস্তাব নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভেটো দানে বিরত ছিল।

টানা পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অব্যাহত ইসরায়েলি হামলার মুখে গাজার অর্ধেকের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন রাফায়।