BigNews: বেতনক্রম বাড়ছে ৪০%, ভোটের মুখে বড় খবর পেলেন পশ্চিমবঙ্গের এই কর্মীরা

পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) রাজ্যের শিক্ষাবন্ধুদের জন্য এক বিরাট খবর ঘোষণা করেছে। মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, শিক্ষাবন্ধুদের বেতন প্রায় ৪০% বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে রাজ্য সরকারের অর্থ দফতর অনুমোদন দিয়েছে।
২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের বেতন ৫,৯৫৪ টাকা থেকে ৮,৩৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এই বৃদ্ধি এখনও কার্যকর হয়নি। এবার ভোটের মুখে রাজ্য সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে।
সূত্রের খবর, চলতি বছরের আগামী এপ্রিল থেকেই এই বর্ধিত বেতনক্রম কার্যকর হবে। প্রায় ৩,৩৩৭ জন শিক্ষাবন্ধু এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই বর্ধিত বেতনক্রম বাবদ রাজ্যের খরচ হবে প্রায় ৯.১৯ কোটি টাকা।
এই সিদ্ধান্তের পাশাপাশি অবসরকালীন ভাতাও বাড়ানো হয়েছে। পার্শ্ব-শিক্ষক, এসএসকে শিক্ষক, এমএসকে শিক্ষকদের অবসরকালীন ভাতা ৩ লাখ থেকে ৫ লাখ টাকা করা হয়েছে।
এই সিদ্ধান্তে রাজ্যজুড়ে খুশির হাওয়া বইছে।