“দল আমাকে ছুড়ে ফেলে দিয়েছে, আমি তৃণমূলে আছি, না নেই”-জানতে পারবেন! অর্জুন সিং

বর্তমান নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ। এবার তাঁকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল দল। আর পার্থ ভৌমিককে প্রার্থী করার পরেই ক্ষোভের সুর ধরা পড়ল অর্জুন সিং-এর গলায়।

বিজেপি ছেড়ে তৃণমূলে আসা ভুল হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ‘দেড় বছর আমার নষ্ট হয়ে গেল। দলে যে সম্মান পাওয়ার কথা, তা পাইনি। দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। না হলে আমাকে এমন করে ছুড়ে ফেলা হত না।’ তিনি বলেন, ‘ফিরহাদ ফোন করেছিলেন, আমাকে ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছিল।’

অর্জুন বলেন, ‘মোদিজি বলতেন, কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয়।’ এরপরই অর্জুন বলেন, ‘কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই।’

তাহলে কি ফের অন্য কিছু ভাবছেন অর্জুন সিং? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অর্জুন জানান, এখনও তেমন কিছু ভাবেননি, কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। একইসঙ্গে দলের হয়ে প্রচারে নামবেন কি না, সেই প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, দল চাইলে বা পার্থ ভৌমিক চাইলে তিনি চিন্তাভাবনা করবেন।