ভোটের সূচি ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা

নির্বাচনের তফসিল ঘোষণার আগে জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত, কেন্দ্রীয় বাহিনীর 150 কোম্পানি রাজ্যে এসেছে। কলকাতা ছাড়াও বিভিন্ন এলাকায় সৈন্যরা রুট মার্চ করছে। তৃণমূল প্রধান শুধু কেন্দ্রীয় বাহিনীর প্রতিই অসন্তোষ প্রকাশ করেননি, ইভিএমে চিপ বসানো নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।
ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে এক জনসভায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মমতা বলেন, ‘পাঠিয়ে দিয়েছে। সব স্কুল, কলেজ ছেড়ে দাও। হাসপাতাল ছেড়ে দাও, সব স্টেডিয়াম ছেড়ে দাও। বাবুরা এখন ঘুরে ঘুরে বিজেপি করে বেড়াবে।’
তৃণমূলনেত্রীর নির্দেশ, ‘ওঁদের দেখবেন, কিন্তু ফিরেও তাকাবেন না, আর ভয় পাবেন না। যদি জিজ্ঞেস করে, কিসকো ভোট দেনা হ্যায়? বলবেন, আপকো। ভোট আপনার নিজের, এটা মাথায় রাখবেন।’
তৃণমূলনেত্রী এ দিন বলেন, ‘ভালো করে ইভিএম মেশিন চেক করবেন। প্ল্যান অনুযায়ী কুড়িটা জায়গায় না কি চিপ লাগাচ্ছে। যাঁরা এজেন্ট হবে তাঁদের কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে। নজর রাখবেন ভালো করে।’
বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে যে ভাবে ভোট লুঠ করা হয়েছে, লোকসভা নির্বাচনে তা করা যাবে না বুঝেই এখন থেকে তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছে। যদি ওঁদের নির্দিষ্ট অভিযোগ থাকে তা হলে নির্বাচন কমিশনে তা জানাক।’