হিজাব না পরার শাস্তি! পড়ুয়াদের চুল কেটে দিলেন শিক্ষিকা, বিতর্ক দেশজুড়ে

বাংলাদেশের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি স্কুলে হিজাব ও ওড়না না পরার অভিযোগে একাধিক পড়ুয়ার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।এই ঘটনা ঘটেছে রাজানগরের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজে।বুধবার বিকেলে সপ্তম শ্রেণির ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে।স্থানীয়দের দাবি, প্রায় ১০ জন পড়ুয়ার চুল কেটে দিয়েছেন এক শিক্ষিকা।

অভিযোগ উঠেছে স্কুলের বায়োলজির শিক্ষিকা রুনিয়া সরকারের বিরুদ্ধে।অধ্যক্ষ মিয়া ফরিদ আহম্মেদ অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
তিনি বলেন, শিক্ষিকা ভয় দেখানোর জন্য ৩-৪ জন পড়ুয়ার চুল অল্প কিছুটা কেটে দেন।এই ঘটনার জন্য শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় এবং অভিভাবকদের মধ্যে।স্কুলের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম হোসেন ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সিরাজদিখান উপজেলার ইউএনও সাব্বির আহম্মেদ ঘটনার তদন্তের কথা জানান।তিনি বলেন, শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে কিছু বলতে চাননি অভিযুক্ত শিক্ষিকা।এই ঘটনাটি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষকদের আচরণ নিয়ন্ত্রণের প্রশ্নে বিতর্কের সূত্রপাত করেছে।