“১০০ দিনের কাজের টাকা মেটাচ্ছে রাজ্য”-জানাতে রাজ্যবাসীকে চিঠি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে রাজ্যসরকার 100 দিনের কাজের টাকা সাধারণ মানুষকে নিজেদের উদ্যোগেই দেবে। ইতিমধ্যে সেই টাকা দেয়া শুরু হয়েছে। আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কি না তা সাধারণ মানুষকে জানানোর জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে চিঠি পাঠাচ্ছেন।

সূত্র অনুযায়ী জানাযাচ্ছে সেই চিঠিতে লেখা থাকছে, ‘প্রিয় সাথী, আপনারা জানেন ১০০ দিনের কাজে কেন্দ্র দু’বছরের বেশি সময় আপনাদের ন্যায্য অধিকার গায়ের জোরে ও অবৈধভাবে আটকে রেখেছে। এই মজুরি আপনার আইনগত অধিকার। এই বঞ্চনার বিরুদ্ধে আমি, আমার সরকার এবং গোটা তৃণমূল কংগ্রেস পরিবার দফায় দফায় দিল্লি, কলকাতা এবং বাংলার বিভিন্ন প্রান্তে আন্দোলন করছি।’

‘আপনার মতো পশ্চিমবঙ্গের সকল শ্রমদানকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের এই বকেয়া অর্থ আমাদের মা-মাটি-মানুষের সরকারের নিজ তহবিল থেকে পাঠানো হয়েছে। আপনার প্রাপ্য মজুরি আপনি পেয়েছেন কি না, তা সুনিশ্চিত করতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার বিনম্র অনুরোধ রইল।’