“খলিস্তানি বলেন শুভেন্দুই”-সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ IPS অফিসার জসপ্রীত সিং-এর

মঙ্গলবার সন্দেশখালিতে BJP-র জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একজন শিখ IPS অফিসারকে ‘খলিস্তানি’ বলে অভিহিত করার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব BJP-র তীব্র নিন্দা করেছেন।

ধর্মকে আঘাত করে এই ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদ জানান তাঁরা। এবার সেই অফিসারের একটি ভাইরাল অডিয়ো ক্লিপ নিয়ে শুরু বিতর্ক।

আইপিএস জসপ্রীত সিংকে সরাসরি ফোন করে একটি সংবাদ মাধ্যমে তাঁকে জিজ্ঞাসা করেন বিষয়টি নিয়ে। সেই কথোপকথনের একটি অডিও ক্লিপ (সত্যতা যাচাই করেনি Techinformetix) ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানেই তিনি জানিয়েছেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজে এই শব্দটি ব্যবহার করেছেন। এমনকি, একটি ভিডিয়োতে শুভেন্দু অধিকারীকে এই কথা বলতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায়।

অডিও ক্লিপ টুইট করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘আইপিএস অফিসার জসপ্রীত সিং একটি সাক্ষাত্কারে বলেছেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (বিরোধী দলের নেতা) নিজেই পুলিশ অফিসারকে ‘খলিস্তানি ‘ বলে উল্লেখ করেছিলেন।’ যদিও, গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে এই দাবি অস্বীকার করেছেন।