PF-নিয়ে দুর্নীতির অভিযোগ, ফের রাজ্যে একাধিক জায়গায় ED হানা

সোমবার বীরভূমে গোরু পাচার মামলার তদন্তে ইডি অভিযান চালানোর পর মঙ্গলবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা ও হাওড়ায় একাধিক জায়গায় এই অভিযান চালানো হচ্ছে।
হাওড়া জেলার সাঁকরাইলে ডেল্টা জুটমিল,সেই জুটমিলের বালিগঞ্জের বাড়িতে,এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ওই জুট মিল সংস্থার একটি অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।
ভুয়ো ডিরেক্টর নিয়োগের অভিযোগে এই তল্লাশি অভিযান।কলকাতা হাইকোর্টের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে এই অভিযান।‘ডেল্টা লিমিটেড’ এবং ‘ওলিসা রিয়্যালিটি প্রাইভেট লিমিটেড’ নামে দুটি সংস্থার কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী এই মামলা দায়ের করেছিলেন।তাদের অভিযোগ, তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা (প্রায় ২১ কোটি টাকা) পাচ্ছেন না।
অভিযোগ, ২০২১ সালের পর থেকে তাদের তহবিলে কোনও পিএফের টাকা জমা পড়েনি।মিলন দুয়ারী নামে একজনকে ডিরেক্টর হিসেবে চিহ্নিত করা হলেও তিনি ডিরেক্টর বলে নিজেকে মেনে নিচ্ছেন না।সেই কারণেই ওই সংস্থার মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়ি, অফিসে হানা দিয়েছে ইডি।
গত ৮ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি তদন্তের নির্দেশ দেন।পিএফ দুর্নীতিতে আরও বড় ‘মাথা’ যুক্ত আছেন বলে পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের।
মঙ্গলবার সকালে ইডির এই তল্লাশি অভিযান রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র চর্চার সৃষ্টি করেছে।