কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলা, বন্ধুদের চোখের সামনেই মৃত্যু মৎস্যজীবীর

রবিবার সুন্দরবনের লাগোয়া নদী খাঁড়িতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাঁটামারির বাসিন্দা প্রদীপ সর্দার (৪৫)।

প্রদীপ রবিবার সকালে তিন সঙ্গীকে নিয়ে সুন্দরবনের বেগি জঙ্গল সংলগ্ন এলাকায় মাছ ও কাঁকড়া ধরতে যান। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার প্রদীপের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রদীপের বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাঘটি তাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর বন্ধুরা বাঘটিকে তাড়াতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে প্রদীপ অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

প্রদীপের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। প্রদীপের মৃত্যুতে তার পরিবার অত্যন্ত শোকাহত।

মানবাধিকার সংগঠন এপিডিআর বাঘের হামলায় মৃতের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে। সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সহ সম্পাদক মিঠুন মণ্ডল বলেন, ‘ক্ষতিপূরণ দিতে কোনও রকম টালবাহানা চলবে না। আক্রান্ত ব্যক্তির ছেলেমেয়ের পড়াশুনার দায়িত্ব সরকার নিয়ে হবে। পরিবারের এক জনকে চাকরি দিতে হবে।’

হাই কোর্টের নির্দেশ রয়েছে, সুগভীর জঙ্গল হোক বা বাইরের এলাকা সুন্দরবনে বাঘের হামলায় কারও মৃত্যু হলেই ক্ষতিপূরণ দিতে হবে। সম্প্রতি একটি মামলায় এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এই ঘটনা সুন্দরবনে জীবিকা নির্বাহকারী মানুষদের ঝুঁকিপূর্ণ জীবনের দিকে আলোকপাত করে।