রাস্তার পাশে গাড়ি পার্কিং করেন? চোখের পলকে উধাও হতে পারে আপনার মূল্যবান জিনিসপত্র!

শিলিগুড়ি শহরে রাস্তার ধারে গাড়ি পার্কিং করে গেলেই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে। গাড়ির কাঁচ ভেঙে দামী জিনিসপত্র, টাকা, মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।

শুক্রবার শিলিগুড়ির এনজেপি থানা এলাকায় দুটি গাড়ির কাঁচ ভেঙে টাকা, মোবাইল, ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। একই দিন, নৌকাঘাট সংলগ্ন পিডব্লুডি মোড়ের কাছে রাস্তার পাশে গাড়ি রেখেছিলেন লক্ষ্মীকান্ত পাল রায় নামে এক প্রাক্তন স্কুল শিক্ষক। তিনি জলপাইগুড়িতে থাকেন। দুপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার সময় দেখেন গাড়ির পেছনের দরজার একটি কাঁচ ভাঙা। গাড়ি সিট থেকে দুটি মোবাইল, টাকা, গাড়ির কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগেও শিলিগুড়ির বর্ধমান রোডেও রাতে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানাচ্ছেন, দিনের আলোয় গাড়ির কাঁচ ভেঙে এই ধরনের চুরির ঘটনা ঘটছে। পুলিশ ধারণা করছে, কোনও একটি নির্দিষ্ট গ্যাংয়ের কাজ হতে পারে। সিসিটিভির নজর এড়িয়ে তাঁরা এই চৌর্যবৃত্তি চালাচ্ছে।

এই ধরনের ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অপরাধীরা দ্রুত ধরা পড়ুক, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ কর্তৃপক্ষ জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। গাড়ি পার্কিং করার সময় মূল্যবান জিনিসপত্র গাড়িতে রেখে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।