কংগ্রেস ত্যাগ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপিতে যোগ দেওয়া সময়ের অপেক্ষা!

মহারাষ্ট্রে লোকসভা ভোটের আগে কংগ্রেসে ভাঙন অব্যাহত। মিলিন্দ দেওড়ার পর এবার দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ। তিনি দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগের পাশাপাশি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, অশোক চহ্বাণ বিজেপিতে যোগদান করতে চলেছেন।
গত বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের ভোকার বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন অশোক চহ্বাণ।সূত্রের খবর, সম্প্রতি কয়েক মাস ধরে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পেয়েছিল তাঁর।সোমবার বিধানসভা স্পিকার রাহুল নারভেকরের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।এক্সে পোস্ট করে বিধায়ক পদ থেকে পদত্যাগের খবর জানিয়েছেন।ঘোষণা করেছেন কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ত্যাগেরও।
অশোক চহ্বাণের পরিচয়:
১৯৮৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কংগ্রেসের টিকিটে লোকসভার সাংসদ হয়েছিলেন অশোক চহ্বাণ।
২০১৪ সালে ফের লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি।
১৯৯৯ সাল থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত মহারাষ্ট্র বিধানসভার সদস্য ছিলেন।
এর মধ্যে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সামলেছিলেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব।
মুখ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতি তাড়া করেছিলেন।
২০১০ সালের নভেম্বর মাসে আদর্শ হাউজিং সোসাইটি কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যায়।
কংগ্রেস তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।
কংগ্রেস ত্যাগের পর অশোক চহ্বাণ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর।গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর একপ্রস্থ কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে।দলবদলের পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর দল চহ্বাণকে মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় পাঠাতে পারে।
দেবেন্দ্র ফড়ণবীশের বক্তব্য:
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ চহ্বাণের বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন।কংগ্রেসের অনেক শীর্ষ নেতা চহ্বাণের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে দাবি করেছেন।বলেছেন, “ক্লাইম্যাক্স এখনও বাকি”।