BigNews: বাংলার মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে বক্তৃতার ডাক, জুনে ব্রিটেনে যাচ্ছেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য যাচ্ছেন। রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়। সোমবার ভবানীপুর মর্ডান স্কুলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই খবর জানান।

মুখ্যমন্ত্রী বলেন, “স্মৃতি বিজড়িত স্কুলে এসে আমি বলতে পারি, আমাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গতকাল আমন্ত্রণ পাঠানো হয়েছে। তাঁরা আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে। এছাড়া লন্ডন স্কুল অব ইকোনোমিক্স পড়ুয়ারা আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি ঠিক করেছি, আমি এখানে যাব। কারণ, এটা একটা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ, এটাকে ফেরানো যাবে না।”

উল্লেখ্য, এর আগেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়ন থেকে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন তিনি। তার আগে ২০১৭ সালেও অক্সফোর্ড ইউনিয়ন থেকে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন। ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর আগে কোনও অনুষ্ঠানেই নানা কারণে যোগ দিতে পারেননি তিনি।

তবে এবার তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মাঝে গোটা দেশ জুড়ে রয়েছে লোকসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই, রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকবেন তিনি। এরপর জুন মাসের আমন্ত্রণে তিনি যাবেন বলেও জানান।

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের পড়ুয়াদের ইংরেজি পড়ার ব্যাপারে আরো বেশি আগ্রহী হওয়ার জন্যেও আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যের পড়ুয়ারা বাংলা, ইংরেজি দুটোই পড়তে চায়। বাংলাতেও জোর দেওয়া হবে। ইংরেজিতেও জোর দেওয়া হবে। কারণ, ৩৪ বছর ইংরেজি না পড়ে আজকে যাঁরা বড় জায়গায় কাজ করে তাঁরা ভালো ইংরেজিতে ড্রাফট করতে পারে না। অনেক অফিসারদের ট্রেনিং দিতে হয়। আগামী দিনে যুব সম্প্রদায়কে এই সমস্যার যেন সম্মুখীন না হতে হয়।”