কবে হাসপাতাল থেকে ছুটি পাবেন মিঠুন? সাক্ষাতের পর জানালেন সুকান্ত

রবিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গে মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে যান। মিঠুনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে তার দ্রুত সুস্থতা কামনা করেন সুকান্ত।

হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সুকান্ত বলেন, ‘উনি এখন অনেকটাই সুস্থ আছেন। ওঁকে কালকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ওঁকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’ মিঠুনের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। সুকান্ত মজুমদার মিঠুনের সঙ্গে দেখা করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি মিঠুনকে বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য জানিয়ে দিয়েছেন।

এর আগে অভিনেতা সোহম চক্রবর্তী, দেব, রাজ চক্রবর্তীররা হাসপাতালে দেখা করতে যান মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদদেরও হাসপাতালে দেখা গেছে। টলি পাড়ার একাধিক তারকা ছুটে গিয়েছেন হাসপাতালে।

শনিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। ব্রেনস্ট্রোক হওয়ার কারণে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। শুটিং করতে করতেই তিনি অসুস্থতাবোধ করেন। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

মিঠুনের ফিজিওথেরাপি এবং মুভমেন্ট থেরাপি করা হচ্ছে। একজন স্পিচ থেরাপিস্টও তাকে পরীক্ষা করছেন। তার ডান দিকের পেশির শক্তি আগের থেকে অনেকটা বেড়েছে।

মিঠুনের চিকিৎসকরা আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার অনুরাগীরাও তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।