রূপনারায়ণে মর্মান্তিক নৌকাডুবি, উদ্ধার ৩ মৃতদেহ, নিখোঁজ ২

রূপনারায়ণ নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন এখনও নিখোঁজ।

রবিবার সকালে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে একজন ৭ বছরের শিশু ঋষভ পাল এবং অন্যজন ৫২ বছরের অচ্যুত সাহা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রূপনারায়ণ নদীতে নৌকাডুবির ঘটনায় ৫ জন নিখোঁজ হয়েছিলেন। শুক্রবার সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স একযোগে নদীতে তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া এবং বাগনানের মানকুর থেকে ১৮ জনের একটি দল একটি ছোট নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমড়ার ত্রিবেণী পার্কে পিকনিক করতে যায়।

সেখানে পিকনিক শেষে সন্ধ্যায় সকলে নৌকায় চেপে বাড়ির পথে রওনা দেয়। সেই সময় নৌকায় জল ঢুকতে শুরু করে। অভিযোগ, সেই বিষয়টি মাঝি কর্ণপাত না করে নৌকা নিয়ে পাড়ে আসার সময় মাঝপথে নৌকাডুবি হয়।

নৌকার ১৩ জন যাত্রীকে বাঁচানো সম্ভব হলেও ৫ জন তলিয়ে যায়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শনিবার নিখোঁজদের সন্ধান করতে গিয়ে ড্রোন দিয়েও তল্লাশি চালানো হয়। শনিবার এনডিআরএফ, কলকাতার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, সিভিল ডিফেন্স, স্টেট ইমার্জেন্সি টিমের সাতটি বোট তল্লাশির কাজ করে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও কয়েকটি টিম কাজ করে।