৭ মাস নিখোঁজ নাবালিকা, হাইকোর্টের নির্দেশে CBI তদন্ত

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নাবালিকা নিখোঁজের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এই নির্দেশ দেন। অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে শাসক দলের বিধায়ক সহ প্রভাবশালীরা যুক্ত।

প্রথমে পুলিশের তদন্তে উদাসীন মনোভাব দেখে পরে ১৫ জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। পুলিশের হাতে মামলা থাকাকালীন দু’জন গ্রেফতার হলেও ৯০ দিনের মধ্যে চার্জ সিট না দেওয়ায় জামিন পেয়ে যায় তারা। এদিকে সিআইডি এখনও পর্যন্ত ঘটনায় কয়েকজনকে শুধু জেরা করেছে।

আদালত মনে করছে, গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে। তাছাড়া মেয়েটিকে ভিন রাজ্যে বা প্রতিবেশী দেশে পাচার করা হয়ে থাকলে সেই দিকটাও সিবিআইকে তদন্ত করতে হবে। আগামী ১৩ মার্চ মামলার পরিবর্তী শুনানি। ওই দিন তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে দিতে হবে সিবিআইকে।

নাবালিকা গত বছরের ১৭ অগাস্ট থেকে নিখোঁজ। তার পরিবারের অভিযোগ, স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ দু’জন যুবক তাকে অপহরণ করেছে। পুলিশ তদন্তে ওই দু’জনকে গ্রেফতার করে, কিন্তু পরে তারা জামিন পেয়ে যায়।

হাইকোর্টের এই নির্দেশের পর নাবালিকার পরিবার আশায় বুক বাঁধতে শুরু করেছে। তারা আশা করছে, সিবিআই তদন্তে তাদের মেয়ে ফিরে আসবে।

এই ঘটনা রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বিরোধীরা সরব হয়েছেন। আবার বিভিন্ন ইস্যুতে আদালতেও কোনও কোনও সময় প্রশ্নের মুখে পড়তে দেখা গিয়েছে রাজ্যের পুলিশকে। অনেক সময় পুলিশের বিরুদ্ধে গাফিলতি বা নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

এবার দেখার ৭ মাস আগে নিখোঁজ নাবালিকার সন্ধানে কী পদক্ষেপ করে সিবিআই।