ED: আপের বিরুদ্ধে ম্যারাথন অভিযান! কেজরির আপ্তসহায়ক সহ ১০ নেতার বাড়িতে ইডি হানা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর চাপ বাড়ছে। আবগারি দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবার তার ব্যক্তিগত সচিব বিভাব কুমারের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে দিল্লির বেশ কয়েকটি স্থানে এই অভিযান শুরু হয়েছে।

সূত্রের খবর, মোট ১০টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব ছাড়াও এই তালিকায় রয়েছেন আপের রাজ্যসভার সাংসদ তথা দলের কোষাধক্ষ্য এনডি গুপ্তা। কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে আবগারি দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।

কয়েকদিন আগে, ED কেজরিওয়ালকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পঞ্চম সমন পাঠিয়েছিল। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী সেই সমনও এড়িয়ে গেছেন। তারপরই ব্যক্তিগত সচিব সহ বেশ কয়েকজন আপ নেতার বাড়িতে ED হানা, যা অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ বলে মনে হচ্ছে।

এদিকে, আপ মন্ত্রী অতিসি বিস্ফোরক দাবি করে বলেছেন, “আমাদের বেশ কিছু নেতা-বিধায়কদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। সাক্ষীদের বলা হচ্ছে আম আদমি পার্টির বিরুদ্ধে কথা বলতে। যাতে ওরা দ্রুত কেস ফাইল করতে পারে।”