সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, এবার কী পদক্ষেপ আন্দোলনকারীদের?

সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল। বিচারপতি হৃষিকেশ রায় এবং প্রশান্ত মিশ্রের এজলাসে মামলাটি ৬০ নম্বর সিরিয়ালে তালিকাভুক্ত ছিল। কিন্তু, আদালতের সময় শেষ হয়ে যাওয়ার কারণে ৪০ নং সিরিয়াল পর্যন্ত মামলার শুনানি হলেও এই মামলা শোনা সম্ভব হয়নি।

সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, “আজকে আবার একটি নিস্ফলা দিন গেল।” তবে, তিনি আশাবাদী যে, আগামী চার সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি হবে। তিনি বলেন, “আমরা হাল ছাড়ছি না।”

ডিএ নিয়ে আন্দোলন চলতে থাকবে বলেও জানান দেবাশিস শীল। তিনি বলেন, “আগামী ১০ তারিখ রাজ্য কমিটির মিটিং ডাকা হচ্ছে। সেই বৈঠকে আমরা আমাদের আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঠিক করব।”

দীর্ঘদিন ধরেই রাজ্যে ডিএ নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ্য ভাতা দেওয়া হোক। তৈরি করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি, একমাত্র এই রাজ্যে এত কম পরিমাণ ডিএ দেওয়া হয়। অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে এই রাজ্যের সরকারি কর্মচারীরা অনেকটাই কম ডিএ পান।

কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিষয়ে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের একাংশ। হাইকোর্টে এই মামলাটি জেতে তাঁরা। ২০২২ সালের ২০ মে রাজ্য সরকারকে ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এর মাঝেই গত ২১ ডিসেম্বর ৪ শতাংশ হারে ডিএ বাড়ানোর কথা জানিয়েছিল রাজ্য সরকার।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন, একবারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে একই হারে ডিএ বৃদ্ধি রাজ্যের পক্ষে সম্ভব নয়।

এই মামলার পরবর্তী শুনানি কবে হবে তা এখনও স্পষ্ট নয়। আন্দোলনকারীরা আশা করছেন, আগামী চার সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি হবে এবং তাদের পক্ষে রায় আসবে।