একে একে ৩ মেয়ে, ক্ষোভে তৃতীয় কন্যাকে খুনই করে ফেলল বাবা-মা

৪ বছর আগে মুর্শিদাবাদের রিন্টু শেখ ও বিলুয়ারা বিবির প্রথম মেয়ে সন্তান জন্মায়। পরেরটিও মেয়েই। তিন মাস আগে তৃতীয়বার কন্যার জন্ম দেন বিলুয়ারা। এরপর থেকে সংসারে অশান্তি লেগেই ছিল। এরই মধ্যে তিন মাসের শিশুটির দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
রিন্টুর বাবার অভিযোগ, তার ছেলেই আছড়ে খুন করেছে ছোট নাতনিকে। এরসঙ্গে জড়িত পুত্রবধূও। দু’জনের বিরুদ্ধেই থানায় অভিযোগ করেছেন তিনি। পুলিশ রিন্টু এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, প্রথমে অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদের মুখে সন্তানকে খুনের কথা স্বীকার করেছেন রিন্টু-বিলুয়ারা।

রিন্টুর প্রতিবেশীরা বলছেন, দুই মেয়েকে নানা অজুহাতে মারধর করতেন রিন্টু। কিছুদিন আগে বড় মেয়ের হাত ভেঙে দিয়েছিলেন তিনি। বাবার হাতে মার খেয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিল মেজ মেয়েও।

ঘটনা যেভাবে সামনে এলো
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, তিন মাসের শিশুটিকে গতকাল খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকজন দেখেন, ঘরে লেপের তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। বিলুয়ারা তখন সবাইকে বলতে থাকেন, মেয়েকে খাটে শুইয়ে আমি রান্না করছিলাম। কী হয়েছে জানি না।

তবে রিন্টুর বাবা বারবারই বলে আসছিলেন, তৃতীয়বার মেয়ে হওয়ার পর থেকে ছেলে-বৌমার ঝামেলা লেগেই থাকত। ছেলে নিয়মিত নেশা করে। ছেলেই ছোট নাতনিকে খুন করেছে। পুত্রবধূ সব জেনেও ওকে আড়াল করছে।

সূত্র: আনন্দবাজার