ইরানে পাল্টা হামলা চালাতে কেন এত সময় নিল আমেরিকা ? জেনেনিন সেই কারণ

প্রায় চার মাস ধরে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য আগে থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে। এ ছাড়া ইরান-সমর্থিত হুথিদের রুখতে ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলা চলছে। এর মধ্যে ইরাক ও সিরিয়ায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা। যদিও জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
জানা গেছে, প্রত্যাশিত এ হামলায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও সিরিয়ার ভূখণ্ডে শুক্রবার ৮৫টির বেশি লক্ষ্যে একযোগে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনায় এসব হামলা হয়েছে।

এ পরিকল্পনা বাস্তবায়নে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে গতকালের হামলা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রথম বহুমুখী প্রতিক্রিয়া। আগামী দিনগুলোয় এমন হামলা আরো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রতিশোধমূলক এ হামলা নিতে এত সময় কেন নিল যুক্তরাষ্ট্র

পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র হামলা করতে বেশি সময় নেয়ায় ইরান তার কর্মকর্তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো থেকে সরানোর সময় পেয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক আকারে সংঘর্ষ ছড়িয়ে পড়াও এড়ানো গেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপ-সহকারী সচিব মিক মুলরয় বিবিসিকে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলার ফলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মার্কিন বাহিনীকে আক্রমণ করার সক্ষমতা কমাবে, বাড়াবে না। তবে ভবিষ্যতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণ থামাতে এই হামলা খুব বেশি কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ যাতে না বাধে, সে জন্যই ওয়াশিংটন এই কৌশল নিয়েছে বলে মত দেন মুলরয়। তার মতে, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ছেড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড সদস্যরা যাতে সরে যেতে পারে সে জন্যই অপেক্ষা করা হয়েছিল।

অ্যারাবিয়ান গালফ স্টেটস ইনস্টিটিউট অব ওয়াশিংটনের ফেলো হুসেইন ইবিশ বলেছেন, প্রতিশোধ নিতে সময় নিয়ে ওয়াশিংটন এই ইঙ্গিত দিতে চেয়েছে যে, ইরানের অভ্যন্তরে হামলা করবে না যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞদের মতে, ইরানের মতো দেশে বিস্তৃত সংঘাতের আগুন না জ্বেলে তাদের আর হামলা না করার ব্যাপারে নিবৃত্ত করতেই সূক্ষ্ম কৌশল বেছে নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

ওয়াশিংটনভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সিনিয়র ডিরেক্টর ব্র্যাডলি বোম্যানের মতে, যুক্তরাষ্ট্রকে এই অভিযানের জন্য এমন একটি ‘গোল্ডিলক্স’ পদ্ধতি নিতে হয়েছে যা খুব শক্তও নয়, আবার খুব নরমও নয়।

তিনি বলেন, এই পদ্ধতিটি আমাদের প্রতিপক্ষকে কষ্ট দেবে, যাতে তারা আমাদের বাহিনীকে আক্রমণ করা বন্ধ করে দেয়। আবার এত বেশি কষ্টও দেবে না যে, প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে বড় আকারের যুদ্ধ শুরুর প্রয়োজনীয়তা বোধ করে। এর ফলে একটি আঞ্চলিক যুদ্ধ এড়ানো যায়।

কোন লক্ষ্যবস্তুতে কেন হামলা করলো যুক্তরাষ্ট্র

গতকালের হামলায় দূরপাল্লার বি-১ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে নেয়া হয়েছে। তবে ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালায়নি মার্কিন বাহিনী

গতকালের হামলার পর মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সাতটি স্থানে ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়েছে। ইরাকে তিনটি ও সিরিয়ায় চারটি স্থানে এসব হামলা চালানো হয়েছে। এ ছাড়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, সামরিক রসদভান্ডার এবং ড্রোন স্টোরেজ ইউনিট।

লক্ষ্যবস্তু বানানো হয়েছে সিরিয়া ও ইরাকে থাকা আইআরজিসির এলিট বাহিনী কুদস ফোর্সের স্থাপনা। ইরাক থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন-মধ্যপ্রাচ্যজুড়ে কুদস ফোর্সের ব্যাপক প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে প্রভাব বাড়িয়েছে কুদস ফোর্স।

হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকালের হামলাকে ‘স্পষ্টতই সফল’ দাবি করে বলা হয়েছে, হামলায় সময় লেগেছে ৩০ মিনিট।

এসব হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির হিসাব দেয়নি কোনো পক্ষই। তবে ব্রিফিং করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস। হামলা সফল হয়েছে বলে জানান তিনি।

এখন কেন ইরাক-সিরিয়ায় হামলা চালাল যুক্তরাষ্ট্র, এমন প্রশ্নের জবাব দিয়েছেন ডগলাস সিমস। তিনি বলেন, এ ক্ষেত্রে আবহাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক ছিল। তিনি জানান, কয়েক দিন ধরে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে বিমান হামলা চালানো কঠিন ছিল। শুক্রবার পরিস্থিতি বদলে যায়।

এদিকে নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানোকে ‘আমেরিকান আগ্রাসন’ বলেছে সিরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল জানায়, সিরিয়া-ইরাক সীমান্ত এলাকায় মরুভূমিতে হামলা চালানো হয়েছে। হামলায় কয়েকজন হতাহত হওয়ার খবর জানানো হয়েছে।

কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরাকের সামরিক বাহিনীও। গতকালের হামলার জেরে সার্বভৌমত্বের লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইরাকের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া রসুল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সীমান্ত এলাকায় হামলার ফলে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।

যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, ইরাককে জানিয়েই দেশটির বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।