ভাল্লুক থেকে প্রাণে বাঁচতে নিজের হাত কাটলেন যুবক, পড়লো ঝড় ঝড় করে রক্ত

খাঁচায় বন্দি ভাল্লুককে খাওয়ানোর সময় হঠাৎ করেই হাত কামড়ে ধরে ভাল্লুক। অনেক চেষ্টা করেও ছাড়াতে ব্যর্থ হয়ে পকেটে থাকা ছুরি দিয়ে হাতটি কেটে ফেলেছেন যুবক।
স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের বরাতে বুধবার যুক্তরাষ্ট্রের নিউজউইক জানিয়েছে, থাইল্যান্ডের চিয়াংমাইয়ের একটি বন্যপ্রাণী অভয়ারন্যে এ ঘটনা ঘটে। আর ভাল্লুকের হামলার মুখে পড়েন সুইজারল্যান্ডের ৩২ বছর বয়সী যুবক স্টেফান ক্লাউডিও স্পেকোগনা।
স্টেফান খাঁচার ভেতর নিজের ডান হাত ঢুকিয়ে এশিয়ান কালো ভাল্লুকটিকে খাওয়াচ্ছিলেন। তখনই তার হাতটি শক্ত করে কামড়ে ধরে ভাল্লুকটি। অনেক চেষ্টা করেও তিনি হাতটি ছাড়াতে পারছিলেন না। কিন্তু তিনি ভাল্লুকটিরও কোনো ক্ষতি করতে চাচ্ছিলেন না। ফলে নিজের পকেট থেকে ছুরি বের করে সেটি দিয়ে হাত কেটে নিজেকে মুক্ত করেন তিনি।
প্রথমে আশপাশের মানুষ তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে কাছের চিয়াং দাও হাসপাতালে নেয়া হয়। এরপর অস্ত্রোপচারের জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এশিয়ান কালো ভাল্লুক কিছুটা লাজুক প্রকৃতির হয়। তবে মানুষ দেখলে এটি হিংস্র হয়ে ওঠে। এই প্রজাতির ভাল্লুকের ওজন ৩০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এগুলো দক্ষিণপূর্ব এশিয়া, ভারত ও হিমালয়ে দেখা যায়।