গত বছরের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে বন দফতরের বিশেষ ব্যবস্থা, হাতির আতঙ্ক কাটিয়ে নির্বিঘ্নে পরীক্ষায় বসবে পরীক্ষার্থীরা

গত বছর জলপাইগুড়িতে হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি রোধে এবার বাঁকুড়ার হাতিপ্রবণ এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দফতর।
জঙ্গলে বনকর্মীদের টহল বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বাঁকুড়া উত্তর বন বিভাগে ৩০ টি এবং পাঞ্চেত বন বিভাগের বিভিন্ন জঙ্গলে ২২ টি হাতি অবস্থান করছে। এবার বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৬৭ জন।
পরীক্ষার্থীরা হাতির আক্রমণের আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন। বন দফতর জানিয়েছে, হাতি প্রবণ এলাকাগুলিতে পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে যাতায়াতের জন্য গাড়ি সহ প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বন দফতরের পক্ষ থেকে পরীক্ষা শুরু ও শেষের এক ঘণ্টা আগেই হাতির অবস্থান জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ওই এলাকার সমস্ত জঙ্গলে ‘শর্ট কার্ট’ রাস্তায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই বিশেষ ব্যবস্থার ফলে বাঁকুড়ার হাতিপ্রবণ এলাকার পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।