কত কোটি টাকা অনুদান জমা পড়ল? রাম মন্দিরে অনুদানের অঙ্ক নিয়ে মুখ খুলল কর্তৃপক্ষ

রাম মন্দির উদ্বোধনের পর থেকে কোটি কোটি টাকা অনুদানের খবর এসেছে। এই অনুদানের অঙ্ক নিয়ে বিভিন্ন জল্পনা রটে গিয়েছে। এই নিয়ে এবার মুখ খুলল রাম মন্দির কর্তৃপক্ষ।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের শীর্ষ আধিকারিক প্রকাশ গুপ্তা বলেন, “আমাদের এখানে প্রণামী বাক্সে কোনও নোট পড়ে না। কাউন্টারে ভক্তরা অনুদান দেন। রসিদ কেটে অনুদানকারীদের দেওয়া হয়। দানপাত্র ছাড়াও কোনও এক টাকাও নেওয়া হয় না। কেউ যদি এমনটা বলে থাকে তাহলে তা সম্পূর্ণ ভুয়ো।”
তিনি বলেন, “দানপাত্রের টাকা স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করা হয়। ব্যাঙ্ক থেকে লোক আসেন। তাঁরাই দানপাত্র তুলে নিয়ে যান। এই টাকা গোনার নির্দিষ্ট সুরক্ষিত স্থান রয়েছে। স্টেট ব্যাঙ্কের কর্মচারীরাই কেবল এই দানপাত্রের টাকায় হাত দেন। কেউ দেখতেও পারে না এটি। ব্যাঙ্কের কর্মীদের টাকা গোনার সময় আমাদের ট্রাস্টের সদস্যরা তা মনিটরিং করেন।”
রাম মন্দির ট্রাস্টের হিসাবে, ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তাদের কাউন্টারে প্রায় ৬ লাখ টাকা নগদ জমা পড়ে। ড্রাফ্ট এবং চেক নিয়ে প্রাণ প্রতিষ্ঠার দিন মোট ৩ কোটি টাকা আসে। ২৩ জানুয়ারি রাম মন্দির ট্রাস্টে ২৭ লাখ টাকা নগদ জমা পড়ে। এরপর ২৪ জানুয়ারি ক্যাশ কাউন্টারে ১৬ লাখ টাকা জমা পড়েছে।
রাম মন্দির কর্তৃপক্ষের এই বক্তব্যের ফলে অনুদানের অঙ্ক নিয়ে জল্পনা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।