রান্নাঘরের মাটির নীচ থেকে উদ্ধার নারী কঙ্কাল! ঘটনায় শোরগোল বাংলায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছায় এক মাটির রান্নাঘরের মাটি থেকে একটি নারী কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই কঙ্কালটি রহিমা খাতুন নামে এক মহিলার।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে রহিমার সঙ্গে বাকিবিল্লাহ মণ্ডল নামে এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে রহিমা জানতে পারে যে বাকিবিল্লাহ নারী পাচারের সঙ্গে যুক্ত। এই খবর জানাজানি হলে বাকিবিল্লাহ ভয় পেয়ে যায়। রহিমাকে খুন করে তার দেহ রান্নাঘরের মাটির নীচে পুঁতে দেয় সে।

প্রসঙ্গত, আগেই বাকিবিল্লাহ মণ্ডল ও তারাবান মণ্ডলকে নারী পাচারের অভিযোগের একটি মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে পুলিশি জেরার মুখে বাকিবিল্লাহ নিজের এই কুকীর্তির কথা স্বীকার করেছিল। সে জানায়, রহিমার দেহ রান্নাঘরের মাটির নীচে পুঁতে রেখেছে সে।

পুলিশ অভিযুক্ত বাকিবিল্লাহ ও তার সহযোগী তারাবান মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।