“চাকরি করতে ইচ্ছুক? বায়োডেটা হাতে দিয়ে দিন”-বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়াও, তিনি ১৫৬৭ জন বিশিষ্ট অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের প্রতি মাসে এক হাজার টাকা করে সাম্মানিক দেওয়ার ঘোষণা করেছেন।
ধন্যধান্য অডিটোরিয়ামে খেলোয়াড়দের সম্মানপ্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এসব ঘোষণা করেন। তিনি বলেন, “যারা পুরস্কার পেলেন, তাদের মধ্যে কেউ যদি চাকরি করতে চায়, তাহলে বায়োডেটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন। আমি চাই, ছেলেমেয়েরা কেরিয়ার তৈরি করুন। যাঁরা স্বর্ণজয়ী, ব্রোঞ্জজয়ী, তাঁরা চাকরি চাইলে বিশেষ আইন করে আপনাদের দেব। আমি মুখ্যসচিবকে ইতিমধ্যেই কাগজপত্র তৈরি করতে বলেছি। আপনারা চাকরিতে ঢুকলে একটা সুবিধা আছে। আপনারা পুলিশে সবচেয়ে ভাল কাজ করতে পারেন। কারণ আপনারা খুব ফিট। ১৮ মাস ট্রেনিং লাগবে না। আপনাদের এক মাসে ট্রেনিংয়েই কাজে লাগানো যাবে।”
মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরি দেওয়া হবে। কারও ভাল যোগ্যতা থাকলে ভাল চাকরি পাবেন। অরূপকে বলব, আজ যাঁরা পুরস্কার পেল, তাঁদের জন্য ক্রীড়া দফতরে একটা ডেস্ক রাখতে হবে। তাঁরা ওখানে গিয়ে জমা দেবেন।”
এদিন আরও একটা প্রকল্পের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। ১৫৬৭ জন বিশিষ্ট অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে সাম্মানিক যাবে। আজ থেকেই তা চালু হয়ে গেল। ১ সেপ্টেম্বর থেকে তাঁরা এই সাম্মানিক পাবেন। চার মাসের সাম্মানিকও আজ চলে যাবে তাঁদের কাছে।
এই ঘোষণাগুলি রাজ্যের ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।