বিশেষ: হাসপাতাল যেন অলৌকিক ঘটনার আঁতুড়ঘর, রোগী দেখে নির্ধারণ হতো ‘মৃত্যুর তারিখ’

হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য চারপাশে। এর মধ্যেই ছোট্ট পাহাড়ি গ্রাম। সারাদিন আর পাঁচটা সাধারণ লোকালয়ের মতোই থাকে এই গ্রাম। কিন্তু বিকেল গড়াতেই একটি বাংলো এড়িয়ে চলেন গ্রামবাসীরা। এই বাংলোর সঙ্গে নাকি অলৌকিক ঘটনা জড়িয়ে আছে। সন্ধ্যার পর নাকি এই বাংলোর আশপাশে শোনা যায় ‘প্রেতাত্মাদের চিৎকার’।

ভারতের উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় পাহাড়ের কোলে রয়েছে অ্যাবট হিল। সেখানেই বহু বছর আগে ছিল অ্যাবট সাহেবের একটি বিলাসবহুল বাংলো। অন্দরমহল তো বটেই, বাইরে থেকেও বাংলোটি ছিল নজরকাড়া।

স্থানীয়দের মতে, এক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানকে তার বাংলোটি দান করেছিলেন অ্যাবট সাহেব। তার মৃত্যুর পর সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই বাংলোয় একটি হাসপাতাল গড়ে তোলা হয়। ১৯২০ সালে হাসপাতাল তৈরি হওয়ার পর অল্প সময়ের মধ্যেই এলাকায় নাম ছড়িয়ে পড়ে। দ্রুত চিকিৎসা করা হত বলে স্থানীয় বাসিন্দারা কেউ অসুস্থ হয়ে পড়লেই ওই হাসপাতালে ছুটতেন।

স্থানীয়দের দাবি, মরিস নামে এক চিকিৎসক উত্তরাখণ্ডের ওই হাসপাতালে আসার পরেই রহস্যজনক ঘটনা ঘটতে শুরু করে। অধিকাংশের দাবি, কোনো রোগীকে দেখার পরেই তাঁর মৃত্যুর দিনক্ষণ নির্ধারণ করে ফেলতেন তিনি। মরিস যে তারিখ নির্ধারণ করতেন ঠিক সেদিনই মারা যেতেন ওই রোগী। চিকিৎসকের এই অদ্ভুত ক্ষমতার কথা জানাজানি হওয়ার পর হাসপাতালে রোগীদের ভিড় আরও বাড়তে থাকে।

হাসপাতালে কোনো রোগীকে ভর্তি করানো হলেও তার সঙ্গে আলাদাভাবে দেখা করতেন মরিস। রোগীকে দেখামাত্রই তিনি কবে, কোন সময়ে শেষ নিশ্বাস ত্যাগ করবেন সে কথা নাকি জানিয়ে দিতেন। স্থানীয়দের দাবি, মৃত্যুর নির্দিষ্ট তারিখের কয়েক দিন আগে রোগীকে একটি বিশেষ ওয়ার্ডে নিয়ে চলে যেতেন মরিস। সেই বিশেষ ওয়ার্ডের নাম ছিল ‘মুক্তি কোঠি’ অথবা ‘মুক্তির ঘর’।

বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়ার দুই থেকে তিন দিনের মাথায় মারা যেতেন ওই রোগী। তবে স্থানীয়দের একাংশের দাবি, সকলের চোখের আড়ালে ওই ওয়ার্ডের ভেতরে রোগীদের উপর নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করতেন মরিস। পরীক্ষা করতে গিয়েই মরিসের হাতে মারা পড়তেন রোগীরা। আবার স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, মরিস নাকি নিজের হাতেই রোগীদের মেরে ফেলতেন। আবার অনেকের মতে, মরিস তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়দের দাবি, বিশেষ ওয়ার্ডের ভিতরে মরিস তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত এমন কিছু প্রক্রিয়া সম্পন্ন করতেন যা ভয়াবহ। রোগীদের সেই প্রক্রিয়ায় অংশ নিতে হত। তার ফলেই প্রাণ হারাতেন তারা। পূর্বনির্ধারিত তারিখেই রোগীর মৃতদেহ বিশেষ ওয়ার্ড থেকে বার করে দিতেন মরিস। সকলের কাছে নিজেকে ‘সর্বেসর্বা’ হিসাবে পরিচয় দিতে শুরু করেন তিনি।

তবে মরিস যে ভুয়া পরিচয় নিয়ে হাসপাতালে গিয়েছিলেন সে দাবিও করেন স্থানীয়দের একাংশ। তাদের মতে নিজের সম্পর্কে এই রকম ধারণা তৈরি করার জন্য আগে থেকেই ছক কষেছিলেন মরিস। পরিকল্পনামাফিক রোগীদের সঙ্গে দেখা করার পর নিজের ইচ্ছামতো একটি তারিখের উল্লেখ করতেন মরিস। তার পর সেই তারিখেই রোগীদের হত্যা করতেন তিনি। মানুষ যেন তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী ভাবেন, সে কারণে নাকি বিশেষ ওয়ার্ডে রোগীদের নিয়ে যেতেন মরিস। লোকচক্ষুর আড়ালে সেখানেই রোগীদের খুন করতেন তিনি।

মরিসের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় অ্যাবট সাহেবের সেই হাসপাতাল। ধীরে ধীরে পাহাড়ি জঙ্গল গ্রাস করে হাসপাতালটিকে। আর তারপরেই শুরু হয় ‘ভূতের’ তাণ্ডব। স্থানীয়দের দাবি, অন্ধকার নামলে এখনও হাসপাতালের ভিতর থেকে নানা রকম শব্দ ভেসে আসে। কখনও কান্নার আওয়াজ শোনা যায়, তো কখনও বা শোনা যায় কানফাটানো চিৎকার।