“যুদ্ধবন্দিদের জীবন নিয়ে খেলছে রাশিয়া”

পশ্চিম রাশিয়ায় মারাত্মক বিমান দুর্ঘটনার পর মস্কো ইউক্রেনীয় বন্দিদের জীবন নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দিকে বহনকারী বিধ্বস্ত হওয়া রুশ সামরিক বিমানটি ইউক্রেনীয় সেনাদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বিমানটিতে ইউক্রেনীয় যুদ্ধবন্দি ছাড়া আরো নয়জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ছয়জন হলেন ক্রু। এই ঘটনায় কেউ বেঁচে নেই। মস্কোর দাবি, বন্দি বিনিময়ের জন্য ওই ইউক্রেনীয়দের বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
ইউক্রেনের জেনারেল স্টাফের একটি সূত্র জানিয়েছে, বিমানটি ইউক্রেনীয় সেনারাই বিধ্বস্ত করেছে। কারণ তাদের ধারণা ছিল, বিমানটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বহন করছিল। যে ক্ষেপণাস্ত্র দিয়ে খারকিভে আগের দিন ভয়াবহ হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দারা জানিয়েছে, আগের মতো এবার তাদের নিরাপদ আকাশসীমা নিশ্চিত করতে বলা হয়নি।
এমন অবস্থায় বুধবার গভীর রাতে দেওয়া ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এটা স্পষ্ট যে- রাশিয়ানরা ইউক্রেনের বন্দিদের জীবন, তাদের আত্মীয়দের অনুভূতি এবং আমাদের সমাজের আবেগ নিয়ে খেলছে।
বিমান বিধ্বস্ত হওয়ার এই ঘটনার পর জেলেনস্কি বৃহস্পতিবার তার জন্মদিনের সাথে যুক্ত একটি পরিকল্পিত আঞ্চলিক সফর বাতিল করেছেন।