‘ছেলেরা লিপস্টিক লাগায় এটা জানতাম না…!’ কাদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বিরোধীদের কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “অনেক কাজ করলাম, বাকি কি আছে? বাকি একটাই আছে, আমাকে গালি দেওয়া। কিছু রাজনৈতিক দল আছে, কাজকর্ম নেই। নেই কাজ তো খই বাছ।”

সরকারি পরিষেবা প্রদানের বক্তৃতার মাঝেই এদিন মমতা বলেন, “রোজ টেলিভিশন খুললেই দেখি ভালো করে পাউডার মেখে… বলতে বলতে কিছুটা থেমে যান তিনি। এরপর বলেন, ‘মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও লিপস্টিক লাগায় এটা তো আগে জানতাম না। ভাড়া করে সেজেগুজে এসে বসছে।”

বৈদ্যুতিক সংবাদমাধ্যমে প্যানেলে বসে বিরোধীদের প্রতিনিধিদের সমালোচনার জবাব দেন মমতা। তিনি বলেন, “রোজ বলে এই রাস্তা খারাপ – ওটা খারাপ। চোখে দেখো না, কানা? যখন জিনিসের দাম বাড়ে কোথায় থাকো? যখন রেল দুর্ঘটনায় লোক মারা যায়? ছাত্র হত্যা হয়, কোথায় থাকো?”

এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা মিলিয়ে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে মোট ৪৯১ টি প্রকল্প যার আর্থিক মূল্য ৩৬৫.৪৫ কোটি টাকা এবং ৫৪৭ টি প্রকল্পের শুভ শিলান্যাস করলেন যার আর্থিক মূল্য ৮৩৭.৮১ কোটি। জেলায় রাস্তাশ্রী, গোপালবেরা ও তৎসংলগ্ন মৌজায় নলবাহী পানীয় জল সরবরাহ যার, ৩৬টি বিভিন্ন বিদ্যালয়ে ৩৬টি সায়েন্স ল্যাব এবং ৩০টি লাইব্রেরি নির্মাণ সহ একাধিক প্রকল্প রয়েছে।