রাম মন্দিরে বড়সড় হামলার হুমকি, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন ঘনিয়ে আসছে। এই উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে উচ্ছ্বাসের পাশাপাশি উদ্বেগও রয়েছে। কারণ, পাক মদত পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ রাম মন্দির উদ্বোধনের আগে হামলার হুমকি দিয়েছে।

জানা গেছে, শুক্রবার জইশ-ই-মহম্মদের পক্ষ থেকে একটি হুমকিমূলক ইমেল উত্তর প্রদেশ পুলিশের কাছে পাঠানো হয়। ইমেলে বলা হয়, নিরীহ মুসলিমদের হত্যার পর রাম মন্দির উদ্বোধন করা হচ্ছে। এর প্রতিশোধ হিসেবে রাম মন্দির উদ্বোধনের দিন হামলা চালানো হবে।

এই হুমকির পর উত্তর প্রদেশ প্রশাসন হাই অ্যালার্ট জারি করেছে। রাম মন্দির চত্বর এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হুমকিকে পাত্তা দেওয়া হচ্ছে না। আতঙ্ক ছড়াতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। তবে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

রাম মন্দির নিয়ে এই ধরনের হুমকি এই প্রথম নয়। গত ডিসেম্বর মাসে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশকে ই-মেল করা হয়েছিল। এর আগেও রাম মন্দিরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল।

রাম মন্দির উদ্বোধনের দিন রামলালার মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে রাম মন্দির সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত উপস্থিত থাকবেন।