প্রয়োজনে শনি-রবিবারেও করতে হবে কাজ, সরকারি কর্মীদের জন্য কঠোর নির্দেশ মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০ জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলায় “সমস্যার সমাধান-জন সংযোগ” কর্মসূচির উদ্বোধন হয়েছে। এই কর্মসূচির অধীনে প্রতিটি জেলায় তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এই দলগুলি প্রত্যেকটি ব্লকে ক্যাম্প করে সাধারণ মানুষের সরকারি পরিষেবা প্রদান করবে।

এই ক্যাম্পগুলিতে সাধারণ মানুষকে জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, পাট্টার জন্য আবেদন, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, স্কুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কৃষক বন্ধু, খাদ্যসাথী, মৎস্যজীবীদের সুবিধা সহ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে।

স্থানীয় স্তরে সচেতনতা প্রচার চালানো হচ্ছে যাতে মানুষ এই ক্যাম্পগুলিতে হাজির হয়। এই ক্যাম্পের তথ্য আপলোড করার জন্য দুয়ারে সরকার পোর্টাল ব্যবহার করা হচ্ছে। জেলা, সাব ডিভিশনাল এবং ব্লক প্রশাসন এই ক্যাম্পগুলির তত্ত্বাবধান করবে।

এই কর্মসূচির উদ্দেশ্য হল সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং সরকারি কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা রোধ করা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “কোনওভাবে যদি রাজ্য সরকারি কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার বিষয়টি নজরে আসে সেক্ষেত্রে তাঁদের কাজ থেকে বরখাস্ত করা হতে পারে। শুধু তাই নয়, শনি-রবিও প্রয়োজন পড়লে তাঁদের কাজ করতে হবে। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য কারও পরিষেবা পেতে কোনও সমস্যা হলে তাঁর মাইনে থেকে টাকা কাটার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।”

এই বার্তা থেকে স্পষ্ট যে, রাজ্য সরকার সরকারি কর্মীদের কাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।