বিমানবন্দরের টারম্যাকে বসে যাত্রীদের ডিনার! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল

গত ১৪ জানুয়ারি খারাপ আবহাওয়ার জন্য নির্দিষ্ট সময়ে বিমান ছাড়তে দেরি হওয়ায়, ইন্ডিগো বিমানের এক পাইলটকে সোজরে থাপ্পর মেরেছিলেন এক যাত্রী। ঘটনার পর যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

এবার, একই ইন্ডিগো বিমানের যাত্রীদের খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরের টারম্যাকে বসে রাতের খাবার খাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে, নড়েচড়ে বসে অসামরিক বিমান চলাচল মন্ত্রক।

মন্ত্রকের পক্ষ থেকে মুম্বই বিমাবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো বিমান সংস্থাকে ঘটনার কারণ দর্শানোর জন্য নোটিশ ধরানো হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না দেওয়া হলে, আর্থিক জরিমানা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্ত্রক সতর্ক করে দিয়েছে।

ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। সংস্থা জানিয়েছে, ১৪ জানুয়ারির দিল্লির ঘটনা সম্পর্কে তারা ওয়াকিবহাল। সেই সঙ্গে কম দৃশ্যমান্যতার জন্যই বিমানটিকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করে। সেই সঙ্গে অসুবিধার জন্য যাত্রীরে কাছে সংস্থার তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

একই বিমানে দুই বিতর্কিত ঘটনায় উঠতে শুরু করেছে প্রশ্ন। একদিকে, পাইলটকে মারধর করার ঘটনায় যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, বিমানবন্দরের টারম্যাকে বসে যাত্রীদের রাতের খাবার খাওয়ার ঘটনায় বিমান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে।